মহাকাশে হোটেল

মহাকাশে পৃথিবীর কক্ষপথে হোটেল নির্মাণের পরিকল্পনা করছে অরবিটাল টেকনোলজিস নামের রাশিয়ার মহাকাশ পর্যটনবিষয়ক একটি প্রতিষ্ঠান। ২০১৬ সালের মধ্যে তৈরি হবে ভাসমান হোটেলটি। হোটেলটিতে পর্যটকদের আনা-নেওয়ার জন্য মহাকাশযান তৈরি করবে আরকেকে এনার্জিয়া নামের আরেকটি প্রতিষ্ঠান। এই যানে একসঙ্গে ছয়জন যাত্রী বহন করা যাবে। মস্কোর উপকণ্ঠে জুকভস্কিতে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি ভাসমান হোটেল ও মহাকাশযান নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করে। পৃথিবীর কক্ষপথে নির্মিতব্য ওই হোটেলে একসঙ্গে সাতজন অতিথি থাকতে পারবেন। ভূপৃষ্ঠ থেকে ২১৭ মাইল ওপরে হোটেলটিতে পাঁচ দিন থাকা-খাওয়ার জন্য গুনতে হবে ১০ লাখ ডলারেরও বেশি। রয়টার্স