কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার এলাকায় আজ শুক্রবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোরকঘাটা বাজার এলাকার চৌরাস্তার মৌড়ে আজ বিকেলে একই স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি বের করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষ পাল্টাপাল্টি মাইকিং করে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এ কারণে সব ধরনের নাশকতা এড়ানো ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন আজ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ এবং র্যালি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।