মানহানির অভিযোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী ১১ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।এর আগে আজ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির একটি মামলা করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, মির্জা ফখরুল ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে উল্লেখ করেন। যা সংবাদমাধ্যমে প্রকাশ হয়। এতে প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। বাদী মশিউর উল্লেখ করেন, তিনি নিজে একজন আইনজীবী আর প্রতিমন্ত্রী কামরুল ইসলামও একজন আইনজীবী। তিনি কামরুল ইসলামের অধীনে কাজ করেছেন। তাই প্রতিমন্ত্রীকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলায় বাদীর মানহানি হয়েছে।