মিসরের অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে হোসনি মোবারক আমলের সাবেক তিন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। বিবিসি অনলাইন সে দেশের বিচার বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—মোবারক সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল-আদলি, সাবেক গৃহায়ণমন্ত্রী আহমেদ মাগরাবি ও সাবেক পর্যটনমন্ত্রী জুহেইর গারানা। এ ছাড়া মোবারকের দলের প্রভাবশালী নেতা ও মিসরের ইস্পাত ব্যবসায়ী আহমেদ এজকেও গ্রেপ্তার করেছে সরকার। দেশটির সেনাশাসিত অন্তর্বর্তীকালীন সরকার আগেই এ চার প্রভাবশালী ব্যক্তির বিদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা তাঁদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব এল-আদলি মোবারকবিরোধী বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সহিংস উপায়ে দমনে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মিসরের প্রায় এক ডজন সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার তদন্ত করছে।বিশ্লেষকেরা বলছেন, মোবারক আমলের এই চার প্রভাবশালী ব্যক্তিকে আটকের মাধ্যমে সামরিক নেতৃত্বাধীন সরকার চলমান বিক্ষোভ প্রশমন করতে চাইছে।