মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতীরবর্তী জামালদিতে এসকোয়ার ইলেকট্রনিক্সের গুদামে দায়িত্বরত দুজন আনসার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে ১০টি গুলিসহ দুটি থ্রিনটথ্রি রাইফেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের এ ঘটনায় পুলিশ আজ বুধবার সকালে একটি রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। আহত আনসার নূরুজ্জামান (৩৫) ও জুলহাসকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মুন্সিগঞ্জ পুলিশের এসপি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আজ সকাল সাড়ে ১০টায় গুদামঘরের সামনের ফাঁকা জায়গা থেকে একটি রাইফেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। অন্য রাইফেলটি উদ্ধারের তৎপরতা চলছে। ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।আনসারের বিভাগীয় পরিচালক (ঢাকা) মো. ফিরোজ খান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।