আজ শুক্রবার চাঁদপুরের মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভয়াশ্রম এলাকায় সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা বন্ধ থাকবে। ইলিশ সম্পদ রক্ষায় সরকার ২০০৬ সাল থেকে প্রতি বছর মার্চ-এপ্রিল দুই মাস দেশের চারটি নদী অঞ্চলকে অভয়াশ্রম ঘোষণা করে আসছে। চলতি বছর চাঁদপুর-শরীয়তপুরের পদ্মা নদীর ৬০ কিলোমিটার অঞ্চলকে পঞ্চম অভয়াশ্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা মত্স্য কর্মকর্তা রতন দত্ত জানান, এ উপলক্ষে নদীতীরবর্তী চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ২৬ হাজার ৩৩৫টি জেলে পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ ছাড়া, অনেক পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।