রাজধানীর মোহাম্মদপুরে আজ মঙ্গলবার সকালে গাড়ি ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে ছিনতাইকারী ইমরান হোসেন (২৮) আহত হয়েছে। পরে বংশাল থানার নাজিরাবাজারে পুলিশ গুলিবিদ্ধ ইমরানকে গ্রেপ্তার করে ও গাড়িটি উদ্ধার করে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।আবদুল মান্নান প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তারের পরে ইমরান হোসেন পুলিশের কাছে প্রাইভেট কার ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ইমরান ও তাঁর তিন-চারজন সহযোগী মোহাম্মদপুরে প্রাইভেট কারটি ছিনতাই করে। এ সময় পুলিশ তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ছিনতাইকারীরাও পাল্টা গুলি করে। পুলিশের গুলি ছিনতাইকারী ইমরান হোসেনের পায়ে লাগে। আহত ইমরান ও তাঁর সহযোগীরা নগরের বিভিন্ন মোড় ঘুরে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। মোহাম্মদপুর পুলিশ বেতারবার্তায় খবরটি মহানগর পুলিশকে জানায়। পরে নাজিরাবাজার থেকে পুলিশ আহত ইমরান হোসেনকে গ্রেপ্তার করে ও কারটি উদ্ধার করে। তবে তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন।