ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি বাস আজ সোমবার ভোর পাঁচটার দিকে রংপুরের দমদম ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে পাঁচ ব্যক্তি নিহত ও অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসটি আজ ভোরে রংপুরের দমদম ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, এ পর্যন্ত দুটি লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা কুড়িগ্রামের উলিপুরের বাসিন্দা আবদুল মান্নান (৪৩) ও আবদুল জলিল (৩৪)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।