রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ বুধবার সকালে সন্ত্রাসীদের গুলিতে স্বপন তঞ্চগ্যা (৩৭) নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন রাহুল তঞ্চগ্যা (২৮) নামের আরেকজন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে পশ্চিম ঘিলাছড়ি ইউনিয়নে মদন কারবারিপাড়া এলাকার জমিতে কাজ করছিলেন স্বপন ও রাহুল। এ সময় একদল বন্দুকধারী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটানস্থলেই স্বপনের মৃত্যু হয় আর রাহুলের বুকে গুলি লাগে।এলাকাবাসী জানিয়েছে, স্বপন ও রাহুল কোনো দল করে না। তবে নিহত স্বপনের মামা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পক্ষের সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের রাজস্থলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এ কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বরে তাঁরা মনে করছেন।রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।