রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউসুফ আলী ওরফে সিধু (২৫) নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ইউসুফ পল্লবী, কাফরুল ও ক্যান্টনমেন্ট এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে এসব থানায় সাতটি মামলা আছে। র্যাব-৪-এর ফ্লাইট লেফট্যানেন্ট মামুন জানান, গতকাল রাত পৌনে একটার দিকে র্যাবের একটি টহল দল মানিকদীর চৌধুরীকুঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় একদল সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে র্যাব ঘটনাস্থল থেকে ইউসুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।