ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পূর্ব অনুমতি ছাড়া রাজধানীর রাজপথে সব ধরনের মিছিল, সমাবেশ কিংবা যান চলাচলে বিঘ্ন ঘটায়, এমন সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ সোমবার ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক এ নিষেধাজ্ঞার কথা জানান। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের রাস্তার তুলনায় যানবাহনের আধিক্যের কারণে যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ বিভিন্ন কৌশল ও পেশাগত জ্ঞান প্রয়োগের মাধ্যমে রাত-দিন কঠোর ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যানজট কমাতে সচেষ্ট। রাস্তায় মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা করলে যানজট প্রকট হয়। রমজান মাসে এ সমস্যা যাতে প্রকট না হয়, সে জন্য ঢাকার প্রধান সড়ক ও রাস্তায় পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা বা এমন কোনো কর্মসূচি যা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় ও যানজট বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হলো।