রাজধানীর রামপুরায় একটি গ্যারেজে চাঁদা না পেয়ে সিএনজিচালিত অটোরিকশার তিনজন চালককে আজ শুক্রবার সকালে গুলি করেছে দুর্বৃত্তরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা ও পুলিশ জানায়, আজ সকাল পৌনে ১০টার দিকে একদল দুর্বৃত্ত রামপুরার ওয়াপদা রোডের পাশে একটি গ্যারেজে যায়। এ সময় তারা ওই গ্যারেজের মালিক ফরিদ আহমেদকে খোঁজ করে। তাঁকে সেখানে না পেয়ে দুর্বৃত্তরা তিনজন অটোরিকশা চালকের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা চালক ফারুক হোসেন (৩৫), বাহারুল ইসলাম (৩৫) ও আবদুস সালামের (৪০) পায়ে গুলি করে পালিয়ে যায়।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।