রাজশাহী বিভাগে আগামীকাল রোববার বেলা দুইটা পর্যন্ত আধা বেলার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আমির ও কেন্দ্রীয় শূরার সদস্য আবুল হাশেমকে গ্রেপ্তার ও পুলিশের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। তবে এইচএসসি ও আলীম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে।জামায়াতের বিবৃতিতে দাবি করা হয়, বিনা কারণে কোনো অভিযোগ ছাড়াই বাসা থেকে আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর মুক্তি ও নিহত শিবিরকর্মী আজগরের হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার হরতালের মাধ্যমে রাজশাহী বিভাগকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।