শফিকুর রহমান জামায়াতের নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়েছেন শফিকুর রহমান। গতকাল সোমবার রাতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর আজ শফিকুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গঠনতান্ত্রিক ক্ষমতাবলে তাঁকে নিয়োগ দিয়েছেন । দলীয় সূত্র জানায়, জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শফিকুর রহমান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদেরও সদস্য।