শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনি এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে পুলিশ এলএমজির ৩৬৭টি গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সকাল সাড়ে ছয়টার দিকে গজনি এলাকায় অভিযান চালায়। এ সময় গজনি-বাঁকাকুড়া সড়কের একটি সেতুর নিচ থেকে প্লাস্টিকের প্যাকেটে ভরা এলএমজির ৩৬৭টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির উত্স সম্পর্কে পুলিশ তদন্ত করে দেখছে।উল্লেখ্য, ৯ মে একই উপজেলার বাঁকাকুড়া গ্রাম থেকে পুলিশ রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বর্তমানে শেরপুর কারাগারে আটক আছেন।