জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ মঙ্গলবার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই তাঁর দলের প্রার্থী দেওয়া প্রয়োজন। ‘তাই আগামী নির্বাচনে সব আসনের জন্যই আমরা প্রার্থী তৈরি করছি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয় পার্টিকে সংগঠিত করার কাজ চলছে,’ রংপুর যাওয়ার পথে আজ সকালে সাভারের আশুলিয়ায় সংক্ষিপ্ত এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ আবদুল্লাপুর-বাইপাইল সড়ক আমার সময়েই হয়েছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি এলাকায় সমানভাবে উন্নয়নকাজ করা হবে। বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির আশুলিয়া থানা শাখার সভাপতি আবুল কালাম। সমাবেশে বক্তব্য দেন, জাতীয় পার্টির দক্ষিণখান থানার সভাপতি ডা. শহীদুল ইসলাম ও আবুল হাসনাত এবং জাতীয় ছাত্রসমাজের নেতা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।