সব সম্প্রদায়ের ধর্ম পালনের পরিবেশ তৈরি করেছে আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব সম্প্রদায় নিশ্চিন্তে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবে। আজ শনিবার সকালে গণভবনে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে তত দিন সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনের অধিকার ভোগ করবেন। তিনি বলেন, প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। তিনি বলেন, সরকার দেশে এ ধরনের পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে।