ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড় মোড়ে পরিবহন শ্রমিক নেতা রিপন হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে একদল গ্রামবাসী। অবরোধের কারণে ওই সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।গত ৪ জানুয়ারি উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শ্রমিক নেতা রিপন (৩৫) নিহত হন।রিপন হত্যার বিচার ও প্রতিবাদ জানাতে তাঁর মা হানুফা বেগমের (৮০) নেতৃত্বে তিন শতাধিক গ্রামবাসী সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা রিপন হত্যার জন্য সরাইল উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে দায়ী করে তাঁর ফাঁসি দাবি করে। সরাইল বিশ্বরোড় হাইওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ফরায়েজী জানান, সরাইল থানা ও হাইওয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।