বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ২৭ মার্চ দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য ধার্য দিনে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল বলেন, একজন সদস্য আজ উপস্থিত নেই। ট্রাইব্যুনাল চান সব সদস্যের উপস্থিতিতে এ বিষয়ে আদেশ দিতে। যদিও আইনে এ বিষয়ে কোনো বিধি-নিষেধ নেই। এ জন্য ২৭ মার্চ আদেশের দিন পুনর্নির্ধারণ করা হলো। এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে।