বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপনির্বাচন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং অপর দুই নির্বাচন কমিশনার যদি মনে করেন, তাঁরা পদত্যাগ করবেন না, তবে সেনা মোতায়েনের মাধ্যমে আবার ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন দিন।’প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন হয়। নির্বাচনের বেসরকারি ফলাফলে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া বিজয়ী হন। আর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জয়ী হন আওয়ামী লীগের উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল রাত সাড়ে ১০টায় ভোট কারচুপির অভিযোগে বিএনপি ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী রোববার সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।