সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর দমন অভিযানের প্রতিবাদে সে দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। এদিকে সৌদি বাদশা আবদুল্লাহ আজ সোমবার এক বিবৃতিতে সিরিয়া সহিংসতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।আল-আরাবিয়া টেলিভিশনে সম্প্রচারিত লিখিত বিবৃতিতে সৌদি বাদশা আবদুল্লাহ বলেন, সৌদি রাজতন্ত্র সিরিয়ায় হত্যাকাণ্ড ও রক্তপাত বন্ধের দাবি জানাচ্ছে। সিরিয়ায় যা ঘটছে তা সৌদি আরবের কাছে অগ্রহণযোগ্য।আরব লীগ সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর দমন অভিযানের আনুষ্ঠানিক নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর সৌদি আরবের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হলো। আরব লীগ গতকাল রোববার অবিলম্বে সহিংসতা বন্ধ করতে সিরিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ছয় জাতির গালফ কো-অপারেশন কাউন্সিলও (জিসিসি) প্রথমবারের মতো সিরিয়ায় সহিংসতার নিন্দা জানায়।বিশ্লেষকেরা সৌদি আরবের পদক্ষেপকে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করছেন। কারণ, এর আগে আরববিশ্বে অন্যতম ক্ষমতাধর দেশটিকে এ ধরনের ভূমিকায় দেখা যায়নি।বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরবের পদক্ষেপে দামেস্কর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি সৌদি বাদশার বিবৃতি শক্তিশালী একটি বার্তা।এদিকে আল-আরাবিয়া টেলিভিশন সৌদি বাদশার বিবৃতি প্রচারের কিছুক্ষণ পর জানায়, কুয়েতের আইনপ্রণেতারা জিসিসির সদস্য দেশগুলোকে দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে আহ্বান জানিয়েছে। তবে চ্যানেলটি তাত্ক্ষণিকভাবে এ সম্পর্কিত আর কোনো তথ্য জানায়নি। বিবিসি ও রয়টার্স।