অচিন্তনীয়! অভাবিত! অকল্পনীয়! চাইলে এমন আরও কিছু বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে যা কেউ ভাবেনি, সেটিই করে বসল বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বড় দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়াটাই ছিল যাদের নিয়তি, সেই বাংলাদেশ উল্টো এই লজ্জা উপহার দিল কিউইদের। এ বছরই ওয়ানডেতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর কীর্তিও মহা সাড়ম্বরে উদ্যাপন করার মতো। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়টা অবশ্যই এগিয়ে। ক্রিকেট অভিধানে ‘বাংলাওয়াশ’ কথাটা ঢুকিয়ে দেওয়া এই সাফল্যই ২০১০ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় অর্জন।