ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা গতকাল সোমবারের হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধা, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। পুলিশ এ মামলা দুটিতে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, গতকাল বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের হামলা, সরকারি কাজে বাধা প্রদান, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। রাত সাড়ে ১১টায় এসআই ওসমান আলী বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ এ মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শহরের চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকায় একই ধরনের ঘটনার অভিযোগে উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গতকাল হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরাস্তা ও শহরের চাষাঢ়া এলাকায় হরতাল সমর্থনকারী মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। পিকেটাররা ১০টি যানবাহন ভাঙচুর করে। পুলিশ মহাসড়ক থেকে পিকেটারদের সরিয়ে দিতে লাঠিপেটা, শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করে।