ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বলেছেন, হরতালের প্রথম দিনে নারায়ণগঞ্জ এলাকায় মাত্র একটি কেন সহস্রাধিক গাড়ি ভাঙচুরের সুযোগ ছিল। সারা দেশে বিভিন্নভাবে আরও ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটতে পারত। ইসলামী আন্দোলন জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের রাজনীতি করে না বলে এ সুযোগ গ্রহণ করেনি। গত রোববার হরতালের প্রথম দিন নারায়ণগঞ্জের পঞ্চবটী ও কাচপুরে সংঘর্ষের পর দলের সাধারণ নেতা-কর্মীদের পুলিশি নির্যাতন ও মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন জানান, ওই ঘটনার পর এ পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দলের ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় ক্যাডারদের হামলা ও পুলিশি হয়রানির ভয়ে বরগুনা জেলার আমতলীতে কোনো নেতা-কর্মী ঘরে থাকতে পারছেন না। সাংবাদ সম্মেলনে দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খালিদসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।