হরতাল প্রত্যাহার করেছে বিএনপি

২৯ মার্চের হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার রাত ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পুণ্যস্নান উদযাপন কমিটির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানায়। এর পর চারদলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি এ সিদ্ধান্ত নেয়। গত ১২ মার্চ রাজধানীতে মহাসমাবেশ করে সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতালের ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।