হাইকোর্ট বিভাগে চার অতিরিক্ত বিচারক নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি তাঁদের দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন। নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শহীদুল হক, আবু তাহের মো. সাইফুর রহমান, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সহিদুল করিম এবং ঢাকার জেলা জজ মো. জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে আজ বুধবার আইন মন্ত্রণালয়ের জারি করা সরকারি ঘোষণায় বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে।আজ নিয়োগ পাওয়া চারজন ও ৪ অক্টোবর নিয়োগ পাওয়া ছয় বিচারকের শপথ অনুষ্ঠান হবে কাল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় বিচারপতিদের শপথ অনুষ্ঠান হবে।