১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৩০তম বিসিএসের আবেদনকারী প্রার্থীদের ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে সরকারি কর্মকমিশন (পিএসসি) আগারগাঁওয়ের নবনির্মিত ভবনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানে বিপুল সংখ্যাধিক্যের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সরকারি তথ্য বিবরণীতে আজ বুধবার জানানো হয়েছে, প্রচুরসংখ্যক প্রার্থী ৩০তম বিসিএসের জন্য আবেদন করছেন। এ কারণে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নবনির্মিত ভবনে (প্লট নম্বর ২৭ ও ২৯, আগারগাঁও, শেরেবাংলা নগরে (পরিসংখ্যান ভবনের পশ্চিম পাশে) ঢাকা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ১১ এপ্রিল থেকে ফরম জমা দিতে হবে।