নিউজিল্যান্ডের বিশাল সংগ্রহের মোকাবিলায় বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা মন্দ নয়। মাত্র ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৭। তামিম ইকবাল ৪৮ বলে ৫৬ রান করে অপরাজিত রয়েছেন। ইমরুল কায়েস আউট হয়েছেন ২৮ রানে ড্যানিয়েল ভেট্টরির বলে। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে আজ দ্বিতীয়দিনের খেলা। হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ৫৫৩ রান করে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলের ১৮৯ ও ব্রেন্ডন ম্যাককুলামের ১৮৫ রানের ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ড রানপাহাড়ে উঠে গেছে। নিউজিল্যান্ডের এই রানপাহাড়ের কাছাকাছি পৌঁছানো এখন বাংলাদেশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের ইনিংসে বাংলাদেশের সেরা বোলার ছিলেন রুবেল হোসেন। তিনি ১৬৬ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। গতকাল ৫ উইকেটে ২৫৮ রান করা নিউজিল্যান্ডের বাকি ব্যাটিং আজ বাংলাদেশের বোলিংকে বিন্দুমাত্র পরোয়া করেনি। বাংলাদেশের বোলারদের বোলিং-পরিসংখ্যান অন্তত তা-ই বলছে। শাহাদাত ১৩৬ রান খরচ করে রয়েছেন উইকেটশূন্য। শফিউল ১ উইকেট পেয়েছেন ১১১ রান খরচায়। বাকি উইকেটটি নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, তাও ৮৯ রানের বিনিময়ে। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড ৫৫৩/৭ (ডিক্লেয়ার)গাপটিল ১৮৯, ম্যাককুলাম ১৮৫রুবেল হোসেন ৫/১৬৬বাংলাদেশ ৮৭/১ (১৭ ওভার)তামিম ইকবাল ৫৬*, ইমরুল কায়েস ২৮ড্যানিয়েল ভেট্টরি ১/৮ বাংলাদেশ নিউজিল্যান্ডের চেয়ে ৪৬৬ রানে পিছিয়ে, হাতে রয়েছে ৯ উইকেট।