২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে আসামি সাইফুর ইসলাম ডিউকের পক্ষের শুনানি শেষ হয়েছে। আজ সোমবার ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে আইনজীবী রেজ্জাক খান এ বিষয়ে শুনানি করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন শুনানি গ্রহণ করে ২৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গতকাল রোববার বাবর, মুজাহিদসহ ১৪ আসামির পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়। ৯ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। ১৩ অক্টোবর সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরীকে দিয়ে আসামি পক্ষের শুনানি শুরু হয়। এ নিয়ে ডিউকসহ দুজনের পক্ষে শুনানি শেষ হলো। চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু নিজের ব্যাংক হিসাব থেকে দেড় লাখ টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। কিন্তু আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে এক সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় ভয়াবহ গ্রেনেড ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানসহ ২২ জন মারা যান। আহত হন অনেক নেতা-কর্মী। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের কয়েকজন মন্ত্রী, নেতা, গোয়েন্দা ও পুলিশ বিভাগের কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের জঙ্গিরা এ মামলার আসামি।