আদালতে ভাঙচুরের ঘটনায় করা মামলায় ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ এ অভিযোগপত্র দাখিল করে। ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি-সমর্থক আইনজীবীরা ২২ মে আদালত বর্জন, কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় ওই রাতেই কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। মামলায় ভাঙচুর, ভয়ভীতি দেখিয়ে ও আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলায় বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে পুলিশ আজ অভিযোগপত্র দিয়েছে।