যেভাবে বেঁচে আছি

‘গাড়ি চলে না চলে না...’

আমাকে প্রায়ই বিকেলে বেসরকারি পরিবহনে চেপে পল্টন থেকে নাবিস্কো যেতে হয়। এই রুটে বাস পাওয়া কী যে কঠিন, সে ভুক্তভোগী ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়। টিকিট কেটেও বাসের দেখা মেলে না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যেভাবে বাসে উঠতে হয়, সেটা রীতিমতো মল্লযুদ্ধকেও হার মানায়। বিধ্বস্ত অবস্থায় বাসে ওঠার পর দম নিতে বেশ কষ্ট হয়। মুরগি যেভাবে চাপাচাপি করে খাঁচায় বন্দী করা হয়, এর চেয়েও কঠিন অবস্থায় পড়তে হয় বাসযাত্রীদের। বসার তো প্রশ্নই আসে না, দাঁড়িয়ে থাকার পর বিচিত্র সব অভিজ্ঞতা সঞ্চিত হয়। একজনের পা আরেকজনের পায়ের ওপর, একজনের হাত আরেকজনের ঘাড়ে। কখনো-কখনো তর্কাতর্কিতে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। বাসের মধ্যে এত কিছু হচ্ছে, কিন্তু জায়গা থেকে খুব একটা নড়ে না। মনে হয়, এটির কোনো গন্তব্য জানা নেই। যাত্রীদের শুধু অপেক্ষা আর অপেক্ষা। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়া তো মামুলি ব্যাপার। সারা শরীরও ককিয়ে ওঠে ব্যথায়। যারা বসে থাকে, তারাও স্বস্তিতে থাকে না। কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙে। কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায়? গরমে সেদ্ধ ডিমের মতো অবস্থা সবার। কেউ কেউ সইতে না পেরে গন্তব্যে আসার আগেই নেমে যায়। বাসে ওঠা কঠিন। কিন্তু নামাটাও সহজ নয়। কেউ যখন নামতে যায়, তখন অবশ্য সবাইকে কমবেশি যোগব্যায়ামের কসরত করতে হয়।এই জীবনের সব সিগন্যাল পেরিয়ে যাওয়া সম্ভব, কিন্তু মগবাজারের সিগন্যাল অতিক্রম করা এত সহজ নয়। সেটা করতে পারা অনেক ভাগ্যের ব্যাপার। অন্তহীন সময় হাতে নিয়ে এখানে অপেক্ষা করতে হয়। এই সিগন্যাল কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট ব্যবসা। নানা রকম পানীয়, খাদ্যসামগ্রীর পাশাপাশি কত কিছুই না বেচাকেনা হয়। গরমের দিনে হাতপাখা আর রোজার দিনে ইফতারির চাহিদা অনেক বেশি। সময় বয়ে যেতে থাকে দ্রুত। আকাশে চলতে থাকে মেঘ-রোদের খেলা। সিগন্যাল বাতিও লাল হয়। হলুদ হয়। সবুজও হয়। সবকিছুর বদল হতে থাকে, কিন্তু যানবাহনের সারি অনড়, অটল। কোনো ভাবান্তর নেই। একসময় অন্তহীন এই অপেক্ষার অবসান ঘটে। মগবাজারের সিগন্যাল অতিক্রম করার সময় বাসযাত্রীদের মনে হয়, জীবনে বড় কিছু একটা অর্জিত হলো। অর্জন তো বটেই। আমিও তো এর সুফল পাচ্ছি। এই পথ দিয়ে চলাচলের সময় মনের মধ্যে আসে অনেক পরিবর্তন। রাগ-ক্ষোভ-অভিমানগুলো ভেতরে ভেতরে দীর্ণ হতে থাকে। যে আমি একটুতেই অস্থির হয়ে উঠি, তা-ও ক্রমশ মিইয়ে যায়। চিত্তচাঞ্চল্য দূর হতে থাকে। অজান্তেই গুনগুন করে গান গাইতে থাকি, ‘গাড়ি চলে না, চলে না...’।দুলাল মাহমুদ৪৮/১ পশ্চিম আগারগাঁওঢাকা-১২০৭।