চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তিন শ্রমিক নিহত

সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় আজ বুধবার সকাল আটটায় ট্রেনে কাটা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় শ্রমিকেরা কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহত শ্রমিকেরা হলেন, আনিছুর রহমান (৩০), সাইদুল ইসলাম (৩০) ও মো. মঈনুদ্দিন (৩৫)। জানা গেছে, তাঁরা আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলে কাজ করতেন। তাঁদের বাড়ি নওগাঁর বদরগাছি গোপালপুর এলাকায়। চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আইনুল হক প্রথম আলোকে জানান, সকালে অনেক শ্রমিক রেললাইন পার হয়ে কাজে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন হুইসেল দিয়ে আসছিল। অন্য শ্রমিকেরা রেললাইন ছেড়ে দাঁড়ালেও অন্যমনস্কতার কারণে তাঁরা লাইন থেকে নামতে পারেননি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।