সময়টা এমন, চারপাশে আপনি শুধু মন্দের কোলাহল শুনবেন। হিংসা, দ্বেষ, বিষোদ্গারে কান পাতা দায়। রাশি রাশি ভারা ভারা মন্দের মধ্যে কোথায় যেন লুকিয়ে আছে একটুখানি শর্ষেদানার মতো ভালো। তা খুঁজতে হলে আক্ষরিক অর্থেই পিদিম জ্বালাতে হয়। ‘পিদিম’ পড়ে মনে হলো, শুধু হতাশার জায়গা থেকে হিংসার কথা বলে শব্দদূষণ না বাড়িয়ে, একটু নির্মোহ থেকে দুটো ভালো-মন্দ কথা বলি।
শুরুতেই বলি, ‘পিদিম’ উপন্যাসটি যেন সেই নব্বইয়ে ফেলে আসা মধ্যবিত্তীয় বিপ্লবী চিন্তার প্রতিনিধিস্থানীয় উপস্থাপনা। এখানে একঝাঁক তরুণ-তরুণী দেশ বদলে ফেলার কম বয়সী আবেগপ্রবণ স্বপ্নে বিভোর। তারা শুধু স্বপ্নের আফিম খেয়েই ঝিমোয় না, স্বপ্নকে চোখ থেকে হাতের মুঠোয় আনতে নানা উদ্যোগ নেয়। কায়দা কানুন করে এবং ‘অ্যাকশনে’ যায়।
কিন্তু কেন? কী এমন হলো দেশের যে তা বদলে ফেলতে হবে? কারণ খুঁজতে গেলে দেখা যাবে, লেখক ইমরান কায়েস যে সময় ও প্রেক্ষাপট তুলে ধরেছেন, তা আসলে এই বর্তমান সময়ই। শুধু মোড়কটা আলাদা।
কেন এই মোড়ক, কেন এই ছদ্মবেশ, কেন এই আড়াল, তা অবশ্য আমাদের জানা। পৃথিবীর বহু বিখ্যাত, আলোচিত উপন্যাস সত্য প্রকাশ করার জন্য ছদ্মবেশের আশ্রয় নিয়েছে। উদাহরণস্বরূপ শুধু একটি নামই বলি, ‘দ্য অ্যানিমেল ফার্ম’। এটি একটি বহুল পরিচিত উপন্যাস।
‘পিদিম’ও সে রকম একটি ছদ্মবেশধারী উপন্যাস। আমরা যে জীবন যাপন করছি, যে কাল পার করছি, সেই কালকেই অত্যন্ত সুকৌশলে অন্য মোড়কে উপস্থাপন করেছেন লেখক। শুধু চরিত্রগুলোর নাম পাল্টে দিয়েছেন।
পিদিমইমরান কায়েসপ্রকাশনী: অবসর প্রকাশনা সংস্থাপ্রথম প্রকাশ: একুশে বইমেলা ২০২২পৃষ্ঠা: ২৭২দাম: ৪৮০ টাকা।
এই উপন্যাসে আপনি পাবেন গুম, খুন, মিথ্যা মামলা, ফুলেফেঁপে বড়লোক হওয়া, চাকরির জন্য ঘুষ দেওয়া, মন্ত্রী-এমপিদের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক লুট, ঋণখেলাপি, বিচারহীনতা, শিক্ষাহীনতা—এ রকম এন্তার শব্দ ও শব্দের পেছনের ঘটনা। সুতরাং বুঝতেই পারছেন, উপন্যাসটি কতটা সমসাময়িক।
সমসাময়িক এই উপন্যাসে পারিবারিক কার্যকলাপ খুব একটা নেই। গল্পের চরিত্ররা যাকে বলে ‘ফ্যামিলি অ্যাকটিভিটিজ’, তাতে খুব একটা অংশ নেয় না। মাঝেমধ্যে ফ্ল্যাশব্যাকে পরিবারের কিছু গল্প উঠে এসেছে অবশ্য। তবে পারিবারিক কার্যকলাপ থাকা যে খুব জরুরি, তা নয়। এটি একটি রাজনৈতিক উপন্যাস। সুতরাং রাজনীতিকে ফোকাস করে গল্প এগোবে, এটাই স্বাভাবিক। তাই ঘুরেফিরে পলিটিক্যাল অ্যাকটিভিটিজই এসেছে। পরিবার কিংবা প্রেম খুব একটা প্রাধান্য পায়নি।
‘আই হেট পলিটিকস’ জেনারেশনের এই অদ্ভুত সময়ে, ‘পলিটিক্যাল ভিউ: নো’ বলা প্রজন্মের এই অন্ধ সময়ে এ রকম একটি রাজনৈতিক উপন্যাস লেখার সাহস করতে পারাটাই একটি বিরল কৃতিত্ব। ইমরান কায়েসকে সেই কৃতিত্ব দেওয়া উচিত।
পাশাপাশি এই উপন্যাসে যে ত্রুটিগুলো আমার চোখে ধরা পড়ছে, তা-ও অকপটে বলে যেতে চাই।
এই উপন্যাসে আপনি পাবেন গুম, খুন, মিথ্যা মামলা, ফুলেফেঁপে বড়লোক হওয়া, চাকরির জন্য ঘুষ দেওয়া, মন্ত্রী-এমপিদের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক লুট, ঋণখেলাপি, বিচারহীনতা, শিক্ষাহীনতা—এ রকম এন্তার শব্দ ও শব্দের পেছনের ঘটনা। সুতরাং বুঝতেই পারছেন, উপন্যাসটি কতটা সমসাময়িক।
পুরো উপন্যাসে সম্বোধনসূচক বাক্যে কিছু সমস্যা রয়েছে। যেমন আপনি-তুমির গরমিল। এক জায়গায় বলা হচ্ছে, আব্বা সুমনকে সালাম দিয়ে গলা পরিষ্কার ‘করলেন’। এক লাইন পরই আবার বলা হচ্ছে, কথা শুরুর আগে গলা পরিষ্কার করে ‘নেয়’ আব্বা। আবার এক জায়গায় লেখা হচ্ছে, মা-মাটি গ্রুপের চেয়ারম্যান সোবহান চৌধুরী। আরেক জায়গায় লেখা হচ্ছে, সোবহান মিয়া। এসব ভুল যে অজ্ঞতার কারণে হয়েছে, এমনটি ভাবার কোনোই কারণ নেই। সম্পাদনার অভাবের কারণে এই ভুলগুলো হয়েছে। শেষ মুহূর্তে যদি আরেকবার সম্পাদনা করা যেত, তাহলে এই ভুলগুলো নিশ্চয় এড়ানো যেত বলেই বিশ্বাস করি।
এরপর দেখা যাচ্ছে, উপন্যাসের একটি জায়গায় পুরোটা শহর পোস্টারে ছেয়ে ফেলার কথা বলছেন তরুণ বিপ্লবীরা। কিন্তু পোস্টার ছাপানোর টাকা আসছে কোথা থেকে? থানাসহ বিভিন্ন জায়গায় অপারেশন চালানো হচ্ছে। এসবের খরচ কোথা থেকে আসছে? এসবের পরিষ্কার ব্যাখ্যা নেই উপন্যাসে। তবে ইঙ্গিত আছে।
এ ছাড়া ভাবনাজাগানিয়া অনেক উপাদান আছে এই উপন্যাসে। বলিউডের সিনেমা কীভাবে মানুষের জীবনে ভয়ংকর প্রভাব বিস্তার করেছে, এ দেশে টাকার প্রতি মানুষের এত মোহ কেন, ক্ষমতার ভারসাম্যহীনতা পৃথিবীর জন্য কতটা সমস্যাজনক, জঙ্গল কেন শহরের চেয়ে সভ্য ইত্যাদি প্রসঙ্গগুলো অবশ্যই পাঠকের বোধকে ঝাঁকুনি দেবে।
ঝাঁকুনি দেওয়ার মতো আরও একটি বিষয়ের কথা বলে শেষ করি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে (প্রীতিলতার সময়ের কথা বলছি না) নায়লার মতো একজন বাঙালি তরুণী থানা অপারেশনে অংশ নিচ্ছে, সচিবালয় অপারেশনে অংশ নিচ্ছে, ছেলেদের সঙ্গে রাত্রী যাপন করছে (যদিও আলাদা রুমে), দেশোদ্ধারের জন্য পথেঘাটে বিপ্লব–সংগ্রাম করছে অথচ তার পরিবার কিছুই বলছে না? বাঙালি টিপিক্যাল মস্তিষ্কে এই প্রশ্ন আসবেই। উপন্যাসজুড়ে এই প্রশ্ন পাঠককে তাড়া করবেই। উত্তর অবশ্য পাওয়া যাবে একেবারে শেষ পৃষ্ঠায়। নায়লার পারিবারিক আবহ, তার বেড়ে ওঠা, মা–বাবা—সবকিছু যখন পাঠকের সামনে পরিষ্কার হয়ে যাবে, তখন তিনি প্রশ্নের উত্তরটি ঠিকই পেয়ে যাবেন। একটা কোমল দুঃখ, একটা অচিন কুয়াশার মতো অশ্রু ভর করবে তাঁর চোখে।
নায়লার জন্য তাঁর মন খারাপ হবে, রনোদার জন্য বুকে কেমন একটা হাহাকার জমবে, যার কোনো ব্যাখ্যা নেই।