
কুন্ডেরার নতুন উপন্যাস
এই সময়ে বিশ্বসাহিত্যের অন্যতম দিকপাল কথাসাহিত্যিক, বহুদিন ধরে ফ্রান্সের পারিতে বসবাস করে আসা চেক লেখক মিলান কুন্ডেরা (জ. ১৯২৯) প্রায় ১৪ বছর পর একটি উপন্যাস লিখেছেন৷ কিন্তু মজার ব্যাপার হলো, উপন্যাসটি ফ্রান্সে নয়, প্রকাশিত হয়েছে ইতালিতে৷ আদেলফি প্রকাশনা সংস্থা থেকে ইতালীয় ভাষায় অনূদিত হয়ে বেরোনো কমেডি ধাঁচের কুন্ডেরার নতুন এ উপন্যাসের নাম দ্য ফিস্ট অব ইনসিগনিফিকেন্স৷ এর ইংরেজি তরজমাটি বেরোবে ২০১৫ সালে৷ সূত্র: লা মঁদ
ডাবলিনে আরবি চলচ্চিত্র উৎসব
আইরিশ চলচ্চিত্র নির্মাতা জিম শেরিডান তাঁর শহর ডাবলিনে সূচনা করলেন আরবি চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবে উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সেরা সিনেমাগুলো দেখানো হয়েছে৷ এখানে উদ্বোধনী প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন লরেন্স অব অ্যারাবিয়াখ্যাত ওমর শরিফ আর সমাপনী দিনে দেখানো হয় ফিলিস্তিনি থ্রিলার ওমর৷ সূত্র: দ্য গার্ডিয়ান
আর্ট অকশান রেকর্ড
গত ১২ থেকে ১৫ মে চার দিন ধরে নিউইয়র্কের নামজাদা অকশান আর্ট হাউস ক্রিস্টি, সোথেবি আর ফিলিপসে বসেছিল জমজমাট নিলামের আসর৷ এই তিন আর্ট হাউসে চার দিনে নিলামে সব মিলিয়ে মোট এক হাজার ৫৬৭ মিলিয়ন ডলার মূল্যের শিল্পকর্ম বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড৷ বিক্রি হওয়া শিল্পকর্মগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ও সমকালীন শিল্পীদের আঁকা, যাঁদের মধ্যে আছেন অ্যান্ডি ওয়ারহোল, জোয়ান মিশেল, আলেকজান্ডার কাল্ডার, ক্রিস্টোফার উল প্রমুখ৷ সূত্র: ফোর্বস ডট কম
রফিক–উম–মুনীর চৌধুরী