
গ্রাহাম সুইফটের ইংল্যান্ডের গল্প
ইংল্যান্ড অ্যান্ড আদার স্টোরিজ—২৫টি গল্পের সংগ্রহ। খ্যাতিমান ব্রিটিশ লেখক গ্রাহাম সুইফটের (জ. ১৯৪৯) নতুন গল্পগ্রন্থ। ইংল্যান্ডের সাধারণ নারী-পুরুষ ও তাঁদের জীবন এ বইয়ের প্রধান চরিত্র। সাতটি অনবদ্য উপন্যাসের পর এই বইয়ের মাধ্যমে আবার গল্প লেখায় ফিরলেন সুইফট। বইটির প্রকাশক সিমন অ্যান্ড শুস্টার। সূত্র: দ্য গার্ডিয়ান
বিপদে পড়েছেন ফাতিহ আকিন
তরুণ তুর্কি-জার্মান পরিচালক ফাতিহ আকিনের (জ. ১৯৭৩) ঝুলিতে রয়েছে হেড অন ও দি এজ অব হেভেন-এর মতো সমালোচক ও দর্শকপ্রিয় সিনেমা। কিন্তু এবার বোধ হয় বিপদে পড়েছেন তুরস্কের এই পরিচালক। তুর্কি ইতিহাসে আর্মেনিয়ো একটি স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে কথা বলে এর আগে বিপদে পড়েছিলেন নোবেলজয়ী কথাশিল্পী অরহান পামুক, অবশ্য তখনো তিনি নোবেলে ভূষিত হননি। সামনে মুক্তি পাবে আকিনের নতুন সিনেমা দ্য কাট। এ চলচ্চিত্রটির উপজীব্য আর্মেনিয়ো বিষয়। ফলে ঝামেলায় পড়েছেন আকিন। এর মধ্যেই তুর্কি তুরানিস্ট অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়ে জানিয়েছে তারা কোনো অবস্থাতেই তুরস্কে এ ছবি মুক্তি দিতে দেবে না। সূত্র: হুররিয়েত ডেইলি
ইনস্টাগ্রামে আফ্রিকার জনজীবন
নাইজেরিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রু এসিয়েবো গত দুই বছর ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তাঁর শহর লাগোসের টুকরা সব ছবি জুড়ে দিচ্ছেন। এসিয়েবোর মতো আরও অনেক আফ্রিকান আলোকচিত্রী এখন ইনস্টাগ্রামকে ব্যবহার করছেন তাঁদের মহাদেশের আটপৌরে জীবনের গল্পকাহিনি বলার জন্য।
রফিক-উম-মুনীর চৌধুরী