অন্য দিগন্ত

এ কান্ট্রি অব রিফিউজি–এর প্রচ্ছদ
এ কান্ট্রি অব রিফিউজি–এর প্রচ্ছদ

‘এ কান্ট্রি অব রিফিউজি’
তাঁরা শরণার্থী। আতঙ্কে, কষ্টে, ভয়াবহতায়, নিঃস্ব হয়ে নিজের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন সবাই। তবু সুদিনের আকাঙ্ক্ষা জ্বলজ্বলে এসব শরণার্থীর চোখে। নতুন জীবনের খোঁজে ভিনদেশে পাড়ি জমানো অভিবাসী আর রাজনৈতিক আশ্রয়প্রার্থী শরণার্থীদের নিয়ে টিভি-মিডিয়ায় রয়েছে অনেক নেতিবাচক কাহিনি। এর বিপরীতে মানবিক চেতনার পতাকা ওড়ানোর অভিপ্রায়ে সম্পাদক লুসি পপেস্কু তৈরি করেছেন একটি সংকলন—শিরোনাম এ কান্ট্রি অব রিফিউজি। অভিবাসীদের ঠাঁই দেওয়ার ব্যাপারে ব্রিটেনের রয়েছে দীর্ঘ ইতিহাস। শরণার্থীদের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গির আলোকে বাছাই করা এ গদ্যসংকলনটিতে রয়েছে সেবাস্টিয়ান বার্‌রি, উইলিয়াম বয়েড, এ এল কেনেডি, হানিফ কুরেইশি, হাসান আবদুর রাজ্জাক, রুথ প্যাডেল, নু সারো উইয়া প্রমুখ ব্রিটিশ-আইরিশ লেখকের রচনা।
সূত্র: আনবাউন্ডডটকোডটইউকে

অ্যাডলফ হিটলারের ব্যবহৃত জিনিসপত্র

নিলামে হিটলারের ব্যক্তিগত নথিপত্র

চলতি সপ্তাহে জার্মানির মিউনিখের হেরমান হিস্টোরিকা নামের নিলাম প্রতিষ্ঠানে বিক্রির জন্য উঠেছে অ্যাডলফ হিটলার আর তাঁর ডানহাত হেরমান গোরিংয়ের ব্যক্তিগত কিছু জিনিস। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক জন কে লাট্টিমার মালিকানায় ছিল এত দিন। ২০০৭ সালে মৃত্যুবরণ করা জন কে লাট্টিমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীতে চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। নিলামে ওঠা জিনিসগুলোর মধ্যে রয়েছে হিটলারের খসড়া জলরঙের ছবি, অন্যান্য স্কেচ ও ব্যবহৃত কাপড়। সূত্র: এএফএডটকম

স্ট্যানলি কুব্রিক

শিশুতোষ সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন কুব্রিক

স্পার্টাকাস, ২০০১: এ স্পেস ওডেসি এবং আইস ওয়াইড শাট ইত্যাদি বহুল আলোচিত সাড়াজাগানো চলচ্চিত্রের পরিচালক স্ট্যানলি কুব্রিক মৃত্যুর আগে একটি শিশুতোষ সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন। তাঁর দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের বন্ধু এবং সহকারী এমিলিয়ো ডিআলেস্‌সান্দ্রো সম্প্রতি এ তথ্য দিয়েছেন। এমিলিয়োর তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে কুব্রিক পিনোচ্চিয়োর কাহিনি অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছিলেন। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী মোন্তে কাস্‌সিনোর লড়াই নিয়েও সিনেমা তৈরি করতে চেয়েছিলেন তিনি। সূত্র: দ্যগার্ডিয়ানডটকম

রফিক-উম-মুনীর চৌধুরী