অন্য দিগন্ত

.

পাত্রিক মোদিয়ানোর উপন্যাস

অনেকের মতে আলবেয়ার কাম্যুর পর স্মৃতি, স্থান আর পরিচয়কে বিষয় করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়কালে যেসব লেখক লিখেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফরাসি কথাসাহিত্যিক হলেন পাত্রিক মোদিয়ানো। দুই বছর আগে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নোবেলপ্রাপ্তির পর থেকেই একের পর এক বের হচ্ছে তাঁর উপন্যাসগুলোর ইংরেজি অনুবাদ। এই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে ইন দ্য কাফে অফ লস্ট ইয়থ—বাংলা করলে যার নাম হতে পারে ‘হৃত যৌবনদিনের কাফে’। নিউইয়র্ক রিভিউ বুকস্ প্রকাশিত আলোচ্য বইটি ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন ক্রিস ক্লার্ক।
সূত্র: এনওয়াইআরবিডটকম

‘আফেলপাদোস’ প্রদর্শনীতে ফ্রান্সিসকো তোলেদো ও সাবিনো গুইসু

আফেলপাদোস

মেহিকোর দুই প্রজন্মের দুজন শিল্পী হলেন ফ্রান্সিসকো তোলেদো আর বয়সে তরুণ সাবিনো গুইসু। জীবন্ত কিংবদন্তি তোলেদো আর গুইসু দুজনই জাতে সাপোতেক্ নৃগোষ্ঠীর মানুষ। বয়সে ফারাক থাকলেও দুজনই আগ্রহী তাঁত ও বুননশিল্পে। কাপড় আর পশম মাধ্যমে তাঁদেরই নকশা করা শিল্পকর্মের প্রদর্শনী চলছে দক্ষিণ মেহিকোর ওয়াহাকা শহরের বোদেগা কেত্সাইয়ি শিল্পকেন্দ্রে। প্রদর্শনীটির নাম ‘আফেলপাদোস’।

সূত্র: জোর্নাদা উনামডটএমএক্স

রফিক-উম-মুনীর চৌধুরী