কবিতা

অপ্রেমের কবিতা

জানি, কিছুদিন পর আমি আর
প্রেমের কবিতা লিখব না।

বিকেলের ধূলি ওড়া মাঠের ওপারে
মেঘলা আকাশ নেমে এলে
যেভাবে হারিয়ে যায় আলো
তেমনি তোমাকে হারিয়ে ফেলছি আমি।
তোমার চুল, দাঁতে চেপে রাখা ঠোঁট
চোখের পাতা নাচিয়ে বলা কথা
ভ্রু জোড়ার মাঝখানে ছদ্মকপটতা
এ সমস্ত ফেলে এলে কী থাকে আমার?
নিয়নবাতিকে ঘিরে জমেছে কুয়াশা
বাতাসে পাতা খসে পড়া হাহাকার।

জানি, কিছু জ্ঞানী লোক খুব খুশি হবে
যাঁরা এতকাল বলেছেন কবিতাকে
তোমার মুখের থেকে, শরীরের ঘ্রাণ থেকে
সরিয়ে নিতে হবে দূরে
আমাকে বলতে হবে অন্য কোনো সুরে
আমার সমাজ-রাষ্ট্র, আমাদের রাজনীতি
আমাদের মানুষের কথা;
আমি-তুমি-প্রেম-চুমু এইসব লঘুবস্তু
ফেলে এলে তৈরি হবে শুদ্ধ বাস্তবতা।

জানি, তোমাকে হারিয়ে ফেলছি আমি
তাতে তৈরি হচ্ছে বহুমাত্রিক সম্ভাবনা
তোমাকে ছাড়া যা কিছু লিখিত হবে
তাতে জ্ঞান থাকবে, শিল্প ও দর্শন...
আমার স্বাক্ষরও থাকবে, আমি থাকব না!