বইপত্র

আবুল মনসুর আহমদ সংখ্যা

কালের ধ্বনি
কালের ধ্বনি

কালের ধ্বনি
দুর্লভ কথক: আবুল মনসুর আহমদ
সম্পাদক : ইমরান মাহফুজ
প্রচ্ছদ পরিকল্পনা ও নামলিপি: কাইয়ুম চৌধুরী
প্রচ্ছদ: মাসুক হেলাল
৫৮৪ পৃষ্ঠা
দাম: ৩৫০ টাকা

একজন মানুষের যেসব বৈশিষ্ট্য থাকলে তাঁকে সব্যসাচী বলা যায়, আবুল মনসুর আহমদের (১৮৯৮-১৯৭৯) জীবন ও কর্মের তাৎপর্য বিবেচনায় সেসব গুণধর্মের পরিচয় প্রমাণসহ মেলে। সাংবাদিক, রাজনীতিবিদ ও সাহিত্যিক হিসেবে সমাজ-রাষ্ট্র-কালকে তিনি নিরন্তর সংবিগ্ন-শিল্পীর মন দিয়ে উপলব্ধি করেন; আবির্ভূত হন দ্রষ্টার ভূমিকায়; জাতীয় জীবনের সংকট-মুহূর্তে দার্শনিকের মতো বাতলে দেন সমাধান। আবুল মনসুরের জীবন-বাস্তবতার বহির্দেশে ও সাহিত্য সাধনার অন্তর্দেশে এসব স্রোতোধারার সম্মিলন ঘটেছে বিস্তৃতভাবে।
রাজনীতি তাঁর মূলমন্ত্র; সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনের হাতেখড়ি; সাহিত্য সাধনায় নিহিত তাঁর প্রধান পরিচয়, বিশেষ করে সমাজসত্য-যুগযন্ত্রণার উদ্ঘাটনে নকশা-জাতীয় ব্যঙ্গবিদ্রূপাত্মক রচনায় স্বকীয় সত্তার অধিকারী, শ্রেষ্ঠত্বের দাবিদার তিনি।
আয়না ও ফুডকনফারেন্স-এর মতো পাঠকনন্দিত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ ছিলেন বর্ণিল জীবনের অধিকারী। এ বই দুটির কেন্দ্রে আছে রাজনীতি তথা সমকালে ঘটে যাওয়া রাষ্ট্র-সমাজ-রাজনীতির উত্থান-পতন, উপরওয়ালাদের চাতুরী-বাটপারির বহুবিচিত্র রূপ। সমাজের অর্ধশিক্ষিত, অশিক্ষিত, সংস্কারাচ্ছন্ন মানুষের সরলতা-অজ্ঞতার সুযোগে ধর্মকে ব্যবহার করে কেউ কেউ কীভাবে ছিনিমিনি খেলে, তারই নির্মম রসালেখ্য ধরা আছে তাঁর রচনায়; যেখানে সংকীর্ণতা, শঠতা, অজ্ঞতার পরিচয় তিনি লিপিবব্ধ করেছেন করুণ ও নিষ্ঠুর ভাষার সৌকর্যে। তাঁর এই পাণ্ডিত্যের অসাধারণত্বে আমরা মুগ্ধ না হয়ে পারি না।

প্রণমহি আবুল মনসুর আহমদের রংবেরং জীবনবেদের সামগ্রিক মূল্যায়নের এক অসাধারণ প্রয়াস ইমরান মাহফুজ সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ কালের ধ্বনির ‘দুর্লভ কথক: আবুল মনসুর আহমদ’ সংখ্যাটি।
সংখ্যাটি সম্পাদক সাজিয়েছেন ৭৩টি প্রবন্ধে। যার মধ্যে রয়েছে তাঁর ‘সাহিত্য মূল্যায়ন’, ‘ব্যঙ্গশিল্পের মূল্যায়ন’, ‘রাজনৈতিক বিশ্লেষণ’, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা’, ‘জীবনদর্শন’, ‘বুদ্ধিবৃত্তিক চর্চা: ভাষা’, ‘বুদ্ধিবৃত্তিক চর্চা: ধর্ম-দর্শন’, ‘আইনজীবী’, ‘নাট্যঙ্গনে’, ‘স্মৃতিকথা ও মূল্যায়ন: পরিবার’, ‘স্মৃতিচারণ: অন্যান্য’ শিরোনামে ১১টি অংশ। এ ছাড়া আছে আরও দুটি পরিশিষ্ট।
প্রতিটি অংশেই আবুল মনসুরের সৃষ্টিশীল জীবন ও সাহিত্যের প্রতিটি বিষয় স্বতন্ত্রভাবে মূল্যায়িত হয়েছে। সম্পাদকীয় আলাপে, লম্বা ফিরিস্তির মধ্যে দেশকাল প্রেক্ষাপটে আবুল মনসুর চর্চার উপযোগিতা এবং সংকলিত প্রবন্ধগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন সম্পাদক। সংখ্যাটির এ বিশেষ আয়োজনে পাঠকের জন্য যা বাড়তি পাওয়া।
এ সংখ্যার বিশেষত্ব এখানে যে ৭০ জন সমালোচক নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে, ভিন্ন ভিন্ন বিষয় ধরে যুক্তি-তর্ক-তত্ত্ব-তথ্য ও আবেগের সমন্বয়ে নানা দিক থেকে আবুল মনসুরকে মূল্যায়নের চেষ্টা করেছেন; যদিও তাঁর মতো বোধিদ্রুমতুল্য মানুষের জন্য এ অর্ঘ-মহার্ঘ নয়, কিঞ্চিৎ স্মরণমাত্র।
সব মিলিয়ে, কালের অভিযাত্রায় অনুসন্ধানী পাঠকদের কাছে কালের ধ্বনির এ সংখ্যাটি আবুল মনসুর আহমদকে বিচারার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, এ আমাদের প্রত্যাশা নয়, প্রত্যয়।