কাইয়ুম চৌধুরীর অপ্রকাশিত কবিতা

কাইয়ুম চৌধুরীর ড্রইং
কাইয়ুম চৌধুরীর ড্রইং

আজি যে রজনী যায়
বিশাল ক্যানভাস
ইজেলে আমার
তোমার জন্যে
সবুজ প্রলেপে আচ্ছাদিত
ঘন অরণ্যে।
হারিয়ে যাবার
ইচ্ছে আমার
ধরব তোমার
অহংকার।
হৃদয়ে আমার উঠুক বেজে
দরবারি ঝংকার।
দাঁড়ালে সুমুখে
ভেনাসের মতো দুই বাহু তুলে
আমার সমুখে।
মাইললের উচ্চকিত
বক্ষযুগলে
কেমন উতল।
তোলে ঝড়
মদিলানীর
তৃষ্ণাকাতার

সবুজাভ জঙ্ঘায়
লুটোপুটি খায়
আজি যে রজনী যায়।


তোমায়

সাথে ছিলে সারা দিন ক্লান্তিহীন
শিউলি ঝরা উষাকালে রক্তরাঙা রোদে
বোগেনভেলিয়ার বেগুনি রঙিন
ছায়া ছায়া ঘাসে নেচেছিলে নিঃশব্দে।

মাদমোয়াজেল দ্য আভিনোয়
চতুষ্টয় নায়িকার দেহ–হিল্লোল
কেঁপে কেঁপে উঠেছিল পিকাসোর হাতে
জেগেছিল চিত্রপটে সমুদ্রকল্লোল।

সারা দিন হাতে হাত ছায়ার মতো
মুঠোফোনে হাসিমুখ চেয়ে চেয়ে দেখি
ভেসে ওঠে আঙুল ছোঁয়ায় তুমি আলতো—
ওষ্ঠজুড়ে উড়ে বসে ডাহুক পাখি।

ডাহুকের ডাকে ছায় গোধূলি আকাশ
আছড়ায় নীলরঙ জলের সীমায়
চরাচরে কেউ নেই ধূলি ওড়া শ্বাস
কোথায় হারিয়ে এলাম একলা তোমায়।
অপ্রকাশিত এই কবিতাগুলোর কোনো শিরোনাম দিয়ে যাননি কাইয়ুম চৌধুরী। দুটি কবিতার শিরোনামই নতুনভাবে দেওয়া।