কত অজানা রে

প্রথম উপন্যাসের পর আর উপন্যাস লেখেননি যাঁরা

প্রথম উপন্যাসের পরই তাঁরা বড় লেখক। তারপরও বিভিন্ন কারণে দ্বিতীয় উপন্যাসের দিকে ঝোঁকেননি। কেউ কেউ দ্বিতীয়টি লিখতে শুরু করলেও শেষ করতে পারেননি। তাঁদের একমাত্র উপন্যাসই কালজয়ী সাহিত্যকর্মের স্বীকৃতি পেয়েছে। কারা আছেন এ তালিকায়, জানাচ্ছেন নুসরৎ নওরিন

আমেরিকান লেখক জে ডি স্যালিঞ্জারের উপন্যাস ক্যাচার ইন দ্য রাই ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। আমেরিকান তরুণ হোল্ডেন কলফিল্ডের জীবনের দুদিনের ঘটনার বিশদ বিবরণ উপন্যাসটি। বইটি স্যালিঞ্জারকে তুমুল খ্যাতি এনে দেয়। প্রচারবিমুখ স্যালিঞ্জার এ বইয়ের ওপর চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেননি। তারপরও বহু সিনেমায় মূল চরিত্র হোল্ডেনের ছায়া এসেছে। আমেরিকান সমাজের কপটতা আর ভণ্ডামির প্রতি হোল্ডেন কলফিল্ডের বীতশ্রদ্ধ ও দ্রোহ অনুপ্রাণিত করেছে অনেক তরুণকে। একই সঙ্গে বিতর্কও কম জন্ম দেয়নি। বিটলসের জন লেননকে হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান এ উপন্যাস দিয়ে অনুপ্রাণিত হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানকে হত্যাচেষ্টায় গ্রেপ্তার হয় জন হিকলি। তাঁর হোটেল রুমে পাওয়া গিয়েছিল এ বই। ১৯৫১ সালে বইটি প্রকাশের পর স্যালিঞ্জার আরও বেশি লোকচক্ষুর অন্তরালে চলে যান। ২০১০ সালে ৯১ বছর বয়সে মৃত্যুর আগপর্যন্ত তিনি আর কোনো উপন্যাস লেখেননি। যদিও তাঁর কিছু নভেলা ও ছোটগল্প প্রকাশিত হয়েছে।

১৮৪৭ সালে এমিলি ব্রন্টির একমাত্র উপন্যাস উদারিং হাইটস প্রকাশিত হয়। বইটিতে তাঁর ছদ্মনাম এলিস বেল ব্যবহার করা হয়। এর এক বছর পরই খ্যাতিমান ব্রন্টি সিস্টারদের একজন এমিলি যক্ষ্মায় মারা যান। ক্যাথেরিন আর হিথক্লিফের প্রেম, তীব্র আবেগ এবং কয়েক প্রজন্মের প্রতিশোধের এ অদ্ভুত গল্প তাঁর মৌলিকত্বের জন্য ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। এই উপন্যাস অবলম্বনে এ পর্যন্ত কমপক্ষে চারটি চলচ্চিত্র তৈরি হয়েছে। এমিলি প্রকৃতি ও প্রাণীদের মধ্যে সময় কাটাতেন, যা উপন্যাসে উঠে এসেছে খুবই স্বতন্ত্রভাবে। তাঁর একটি চিঠি থেকে জানা যায়, আরেকটি উপন্যাসের ওপর কাজ করছিলেন তিনি। কিন্তু এর খসড়া কোথাও পাওয়া যায়নি।

রাশিয়ান বিপ্লবের পটভূমিতে লেখা বরিস পাস্তারনাকের একমাত্র উপন্যাস ডক্টর জিভাগো তাঁকে নোবেল পুরস্কার এনে দেয়। বইটি সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশ করা সম্ভব ছিল না। লুকিয়ে কর্তৃপক্ষের চোখ এড়িয়ে পাণ্ডুলিপিটি দেশের বাইরে নিয়ে যাওয়া হয় এবং ১৯৫৭ সালে ইতালি থেকে প্রকাশিত হয়। এ উপন্যাস অবলম্বনেও চলচ্চিত্র হয়েছে। পাস্তারনাক প্রচুর কবিতা ও গদ্য লিখলেও আর কোনো উপন্যাস লেখেননি।

১৯৬৩ সালে প্রকাশিত দ্য বেল জার আমেরিকান লেখক ও কবি সিলভিয়া প্লাথের একমাত্র উপন্যাস। তবে বইটি প্রকাশের সময় সিলভিয়া প্লাথের ছদ্মনাম ব্যবহার করা হয়—ভিক্টোরিয়া লুকাস। কিছুটা আত্মজীবনীমূলক এ বইয়ের মূল চরিত্র এস্থার গ্রিনউড যেভাবে ধীরে ধীরে মানসিক অসুস্থতার দিকে ধাবিত হয়, তার সঙ্গে সিলভিয়ার নিজের জীবনের মিল আছে। বইটি প্রকাশের কিছুদিন পর তিনি আত্মহত্যা করেন। পরবর্তীকালে ১৯৬৭ সালে প্রথম ঔপন্যাসিকের প্রকৃত নাম ব্যবহার করে এটি আবার প্রকাশিত হয়। সিলভিয়ার স্বামী কবি টেড হিউজ ও মায়ের ইচ্ছায় এটি ১৯৭১ সালের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়নি।

আইরিশ কবি ও নাট্যকার অস্কার ওয়াইল্ডের একমাত্র উপন্যাস দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে প্রকাশিত হয় ১৮৯০ সালে। ‘ডোরিয়ান গ্রে’ নিজের আত্মাকে বিক্রি করে দিয়ে চিরতারুণ্য উপভোগ করতে চায়। দর্শননির্ভর এ উপন্যাস অনেক সমালোচককেই বিক্ষুব্ধ করেছিল। নৈতিকতা লঙ্ঘনের দায়ে ওয়াইল্ডের বিচারের দাবিও উঠেছিল। প্রত্যুত্তরে বইটির পূর্ণাঙ্গ সংস্করণের ভূমিকায় তিনি লেখেন, ‘বই কখনো সচ্চরিত্র কিংবা দুশ্চরিত্র হয় না। একটা বই সুলিখিত কিংবা খারাপভাবে লিখিত হতে পারে। ব্যস, এটুকুই।’

আমেরিকান লেখক রালফ এলিসনের ইনভিজিবল ম্যান প্রকাশিত হয় ১৯৫২ সালে। উপন্যাসের নামহীন মূল চরিত্র বিশ শতকের বর্ণবাদী যুক্তরাষ্ট্রে নিজেকে আবিষ্কার করে এমন এক বাস্তবতায়, যেখানে তার অস্তিত্ব থেকেও নেই। আফ্রিকান-আমেরিকান সাহিত্যের একটি সেরা বই হিসেবে উপন্যাসটি স্বীকৃত। প্রকাশের পরপর বেস্টসেলার এবং হেমিংয়ের ওল্ড ম্যান্ড অ্যান্ড দ্য সি জন স্টেইনবেকের ইস্ট অব ইডেন-এর মতো বইগুলোকে পিছু হটিয়ে এই উপন্যাস ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জেতে। এটি ছিল আমেরিকার ইতিহাসে কোনো আফ্রিকান-আমেরিকান লেখকের জন্য প্রথম। রালফ এলিসন পরবর্তী সময়ে জুনটিনথ উপন্যাসের ওপর প্রায় ৪০ বছর ধরে অনিয়মিতভাবে কাজ করেন। একবার তাঁর বাড়িতে আগুন লাগায় পাণ্ডুলিপির প্রায় ৪০০ পৃষ্ঠা পুড়ে যায়। কিন্তু উপন্যাসটি তিনি শেষ করতে পারেননি। তাঁর মৃত্যুর পর অসমাপ্ত জুনটিনথ ১৯৯৯ সালে প্রকাশিত হয়।

অস্কারে জয়জয়কার এবং বক্স অফিসে প্রবাদপ্রতিম সাফল্যের সুবাদে গন উইথ দ্য উইন্ড আমাদের পরিচিত নাম। মার্গারেট মিশেলের এই একমাত্র উপন্যাস প্রকাশিত হয় ১৯৩৬ সালে। পরের বছর পুলিৎজার লাভ করে। ২০১৪ সালের জরিপ অনুযায়ী আমেরিকায় বাইবেলের পর এটিই সর্বাধিক পাঠকনন্দিত বই। গৃহযুদ্ধের পটভূমিতে লেখা এ উপন্যাসের মূল চরিত্র আমেরিকার দক্ষিণাঞ্চলের তরুণী স্কারলেট ও’হারা। প্রচ্ছন্ন বর্ণবাদিতার জন্য বইটির সমালোচনাও রয়েছে।

আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পোর একমাত্র উপন্যাস দ্য ন্যারেটিভ অব আর্থার গর্ডন পিম অব ন্যানটাকেট এরপর তিনি আরেকটি উপন্যাসের কাজ করলেও সেটি শেষ করতে পারেননি।

সূত্র: ব্রিটানিকা ডটকম, হিস্টরি ডটকমউইকিপিডিয়া