
সেদিন স্কুলে গিয়ে জনির হাতে ফুটবল দেখে আমি তো অবাক! জনিকে জিজ্ঞেস করলাম, ‘কিরে, ফুটবল দিয়ে কী করবি?’ সঙ্গে সঙ্গে জনিরও প্রশ্ন, ‘ফুটবল দিয়ে কী হয়?’ আমি বললাম, ‘ফুটবল দিয়ে খেলা হয়।’ ও বলল, ‘আজ আমাদের খেলা হবে।’
‘খেলা হবে, কিন্তু কোথায়?’
‘কেন, স্কুল মাঠে।’ ওর সোজাসাপটা উত্তর। জানুয়ারির প্রথম দিকে সবে ক্লাস শুরু হয়েছে। পড়াশোনার তেমন চাপ নেই। তাই ঠিক হয়েছে, আজ টিফিন পিরিয়ডে আমরা স্কুল মাঠে ফুটবল খেলব। ব্যস, শুরু হয়ে গেল খেলার সব প্রস্তুতি। দুটি টিম করলাম আমরা—একটা ‘ঢাকা রেঞ্জারস’ আরেকটা ‘ঢাকা নাইট রাইডার্স’। নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন হলাম আমি। খেলার উত্তেজনায় ক্লাসে আর কারও মন বসছে না। কখন টিফিনের ঘণ্টা বাজবে?
তারপর এল সেই চরম মুহূর্ত। টিফিনের ঘণ্টা বাজতে না-বাজতেই রেফারি সুস্ময়ের বাঁশি বেজে উঠল। সবাই ছুটলাম স্কুল মাঠে। আমার টিমের আমি ক্যাপ্টেন, আবার আমি স্ট্রাইকারও। কিন্তু খেলার শুরুতেই প্রতিপক্ষ রেঞ্জারস আমাদের পর পর তিন গোল দিয়ে দিল। আমার তখন ভীষণ মন খারাপ! কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। আমাদেরও আক্রমণ করতে হবে। যে করেই হোক, গোল শোধ করতে হবে। অনেক চেষ্টার পর আমরা তিনটি গোলই শোধ করলাম। কিন্তু খেলায় জিততে হলে আরও গোল দরকার। কিন্তু কোনো পক্ষেরই আর গোল হওয়ার কোনো লক্ষণ নেই। খেলার প্রায় শেষ মুহূর্তে দারুণ একটা সুযোগ এল আমার কাছে। আমার পায়ে তখন বল। সবাইকে পাশ কাটিয়ে বল পায়ে নিয়ে আমি ছুটতে শুরু করলাম। ছুটছি, ছুটছি, ছুটছি। আমার তখন একটাই লক্ষ্য, রেঞ্জারস টিমের গোলপোস্ট। একসময় গোলপোস্টের ঠিক মুখোমুখি এসে গেলাম। তারপর শরীরের সব শক্তি দিয়ে দুর্দান্ত কিকটি করলাম। সারা মাঠে সবাই চিৎকার করে উঠল, ‘গো-ও-ল!’
কিন্তু সেই চরম আনন্দের মুহূর্তে আমি কোথায়? নিজেকে আমি স্কুল মাঠে জলকাদার মধ্যে আবিষ্কার করলাম। কদিন ধরে বৃষ্টিতে স্কুল মাঠের অনেক জায়গায় যে জলকাদা জমে ছিল, সে কথা ভুলেই গিয়েছিলাম। তাই কিক মারার পর সোজা কাদার মধ্যে পড়ে গেছি। ওই অবস্থায় আমার টিমের সবাই মিলে আমাকে টেনে তুলল। আমাকে কাঁধে নিয়ে ওরা আনন্দে তখন নাচতে শুরু করেছে। কিন্তু নিজের চোখে নিজের অবস্থা দেখে আমার মনে একটুও আনন্দ নেই। খেলা তখন মাথায় উঠেছে। কারণ, টিফিন পিরিয়ডের পরই সায়েন্স ক্লাস। সায়েন্স টিচার খুব কড়া। ডিসিপ্লিন ছাড়া উনি কিচ্ছু বোঝেন না। কেউ ঠিকঠাক স্কুল ইউনিফর্ম পরে না এলেও শাস্তি পেতে হয়। কিন্তু আমার সাদা ফুলপ্যান্ট আর সাদা কেডসের অবস্থা সত্যিই দেখার মতো। স্যার আমায় এ অবস্থায় দেখলে কী যে হবে, আমি আর তা ভাবতেই পারছিলাম না!
টিফিনের পর আবার ক্লাস শুরু হলো। স্যারের নজর এড়াতে আমি ইচ্ছে করেই পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে টিপ টিপ করে আবারও বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টা বাজার একটু পরই স্যার ক্লাসে এলেন। কিন্তু কেন যেন স্যারকে আজ আনমনা মনে হলো। কিছুক্ষণ জানালার দিকে চেয়ে স্যার বৃষ্টি দেখলেন। তারপর বললেন, ‘বৃষ্টি কেন হয় তোমরা কেউ বলতে পারো?’ ক্লাসের প্রায় সবাই হাত তুলল। উত্তর দিতে গেলে স্যার যদি আমার অবস্থা দেখে ফেলেন, তাই আমি হাত তুলিনি।
স্যার হেসে বললেন, ‘উত্তরটা তোমরা সবাই জানো, ভেরি গুড।’ স্যার এবার কী যেন ভাবলেন। তারপর বললেন, ‘বৃষ্টিতে ভেজা কিংবা বৃষ্টির ভেতরে কাদাজলে মাখামাখির অভিজ্ঞতা কারও আছে?’ সবাই চুপ।
স্যার বললেন, ‘এ রকম অভিজ্ঞতা তোমাদের না থাকারই কথা। কারণ, তোমরা প্রায় সবাই শহরে বড় হচ্ছ। এখানে গ্রামের মেঠো পথ, কাদামাটির কথা তোমরা জানবে কীভাবে?’
‘আমি জানি, স্যার!’
হঠাৎ কী মনে করে আমি হাত তুললাম। স্যার বোধ হয় একটু অবাক হলেন। জিজ্ঞেস করলেন, ‘কী জানো?’
সাহস করে আমি এবার উঠে দাঁড়ালাম। ক্লাসসুদ্ধ সবাই আমার কাদামাখা ফুলপ্যান্ট আর কেডস দেখে হেসে উঠল। গম্ভীর মুখে স্যার বললেন, ‘থামো।’
সবাই আবার চুপচাপ। স্যার এবার সরাসরি আমায় প্রশ্ন করলেন, ‘তোমার এ অবস্থা কেন?’
আমি তখন ফুটবল মাঠের পুরো ঘটনা বললাম। ঘটনা বলছি ঠিকই, কিন্তু মনে মনে ভাবছি, কী দরকার ছিল এসব বলার! হঠাৎ এমন সাহস না করলেই হয়তো ভালো হতো।
কিন্তু সব কথা শোনার পর স্যার বললেন, ‘মাঠে খেলবে, অথচ কাদামাটি মাখবে না, তা কখনো হয় নাকি!’
স্যার এবার তাঁর স্কুলজীবনে গ্রামের মাঠে খেলার গল্প শোনালেন। স্যারের সেই সময়ের সঙ্গী নাকি এখন হাসপাতালে অসুস্থ। একটু আগেই খবরটা জেনে স্যারের মন তাই খারাপ। ছোটবেলার গল্প শোনাতে গিয়ে স্যারের চোখে বোধ হয় জল এসে গিয়েছিল। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন স্যার। আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। বললেন, ‘ফুটবল নিয়ে অনেক কাণ্ড ঘটেছে, আরও ঘটবে। তবে তোমার কাণ্ডটা দারুণ। তোমাকে দেখাচ্ছেও দারুণ!’
ক্লাসের সবাই এবার প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল। হাসির ভিড়ে এখন আর কারও কোনো কথাই শোনা যাচ্ছে না। স্যার কি আবারও ধমক দিয়ে সবাইকে থামিয়ে দেবেন, নাকি সবার সঙ্গে হেসে উঠবেন, বুঝতে পারছিলাম না। কিছু বুঝে না-বুঝেই আমিও সবার সঙ্গে হাসতে শুরু করলাম!
ষষ্ঠ শ্রেণী, সেন্ট গ্রেগরীজ উচ্চবিদ্যালয়