
এক
অন্ধকার এখন আমার মুখোমুখি,
ক্ষীণ আলোর একটি রেখা বিদ্যুচ্চমকের
মতো দেয় উঁকি, জানান দিচ্ছিল
উজ্জ্বল আলোর দেখা মিলবে
অনতিবিলম্বে।
এই আশায় দুহাত বাড়িয়ে
আপ্রাণ চেষ্টা অন্ধকার মুছে ফেলার।
কিন্তু না,
শাহীনা নামের আলোটিকে
নিভিয়ে দিলাম সবাই মিলে,
দুই করতলে নিতে নিতে
সুড়ঙ্গপথে আগুনের ঝলকানিতে।
আবার অন্ধকার
সহস্রজনের চোখে জগৎ সংসার
দু্ই
লোভের মানচিত্র রচনায়
কতিপয়—
যাদের মুনাফার পাহাড়ে
ছত্রাক,
চক্ষুকর্ণের সদ্ব্যবহার যাদের
অজানা—
স্ফীত উদর, দ্বিগুণ চিবুক
চকচকে স্যুট, লাল টাই
ঘর্মাক্ত কলেবরে
সবটাই
মুনাফার যোগবিয়োগ।
শ্রমের মূল্য যেখানে
জুতোর তলায়
রিরংসার মাঝে
নারী শ্রমিক
নিরাপত্তাহীন কারখানায়—
যেখানে প্রাণের
ঝুঁকি,
বিএমডব্লুর শীতাতপে
প্রতিশ্রুতির বুজরুকি।
মৃত্যুফাঁদে ঠেলে দেয়
নিরন্ন শ্রমিক হাজার হাজার,
ললাটে কলঙ্ক মেখে
ধসে যাওয়া
মৃত জনপদ সাভার