শহীদ বাবার বই নিয়ে সন্তানেরা

আমার বাবার বই

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন অনেক কবি লেখক সাহিত্যিক। সন্তানেরা তাঁদের কাছে পাননি। পরে লেখক বাবাকে তাঁরা অনুভব করেছেন তাঁদের লেখা বইয়ের মাধ্যমে। বিজয় দিবসের এ আয়োজনে তিন শহীদ বুদ্ধিজীবীর সন্তান লিখেছেন তাঁদের বাবার লেখা বই নিয়ে।

আমার বাবার লেখা একটা বই ছিল। বাবা নিজেই বইটা বের করেছিলেন লেটার প্রেসে, নিউজপ্রিন্ট কাগজে ছাপা হওয়া ছোট্ট একটা পেপারব্যাক বই। প্রচ্ছদে একটা সিলিউয়েট নারীর ছবি, নারীটির দু–একটা চুল বাতাসে উড়ছে, তার হাতে একটা বই, খোলা বইটাও সিলিউয়েট, আর পেছনে রয়েছে নীল আকাশ। প্রচ্ছদের এই ডিজাইনটা আসলে প্রেসের একটা কোনো ব্লক হবে হয়তো। তবে প্রচ্ছদশিল্পীর নামের জায়গায় লেখা ছিল ‘প্রচ্ছদ: হুমায়ূন আহমেদ’। আমার বাবা ফয়জুর রহমান আহমেদ স্বাভাবিকভাবেই তাঁর বড় ছেলেকে খুব ভালোবাসতেন। তাই প্রচ্ছদশিল্পী হিসেবে বইয়ে তাঁর নামটাই দিয়েছিলেন। এটা নিয়ে বড় ভাইও বিশেষ গর্বিত ছিল। তখন সে সম্ভবত পড়ত এইট কি নাইনে, বগুড়া জিলা স্কুলে। আমি পড়ি ওয়ানে—বগুড়া পিটি স্কুলে। তো বইয়ে বাবার একটা ছদ্মনাম ছিল—‘সন্ধানী’। 

বইটা ছিল নানান মেজাজের বেশ কয়েকটি গল্পের সংকলন। বাবা পুলিশের ডিটেকটিভ পত্রিকায় নিয়মিত লিখতেন। অন্য আরও পত্রিকায়ও লিখতেন—মাহে–নও, আল ইসলাম—এ রকম কয়েকটা নাম মনে আছে এখনো। একটা ইংরেজি পত্রিকায় কাশ্মীর সমস্যা নিয়ে ইংরেজিতে বাবা নিয়মিত প্রবন্ধ লিখতেন। তারও বেশ কয়েকটা বাঁধাই কপি ছিল। বাবার লেখা ছাপা হওয়া এবং ছাপা না হওয়া অনেক পত্রিকাই আমাদের বাসায় বাঁধাই করা ছিল। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা বাবাকে হত্যা করার পর আমাদের বাসা লুট হওয়ার সময় সবকিছু খোয়া যায়। ওই সব পত্রিকায় ছাপা হওয়া গল্পগুলো নিয়ে বইটা করেছিলেন বাবা। নাম ছিল দীপ নেভা যার ঘরে। আমরা ছোটরা বলতাম ‘দিপনেবাজারঘরে’। বাবা বইটি লিখেছিলেন বড়দের জন্য। তবে বাবার বই বলে আমরা ছোটরাও এটা পড়তাম। আমাদের বাসার একটা ঘরে বইয়ের অনেকগুলো কপি সব সময় থাকত। আমি আর আমার ইমিডিয়েট–পড়ুয়া বড় বোন মমতাজ আহমেদ শিখু (বোনটা দুই বছর হলো বাবার কাছেই চলে গেছে; জীবদ্দশায় সে–ও দু–একটা বই লিখেছে) সেই বইগুলো নিয়ে নানা রকম খেলা খেলতাম। একটা খেলা ছিল এ রকম: বইগুলো পাশাপাশি দাঁড় করিয়ে টোকা দিলে টপটপ করে একটা আরেকটার ওপর পড়ত। মা এসে ধমক দিতেন, ‘বই কি খেলার জিনিস?’ তবে বাসায় কেউ বেড়াতে এলে আমরা তাঁকে একটা করে বই উপহার দিতাম। 

মোহনগঞ্জে আমাদের নানাবাড়ির বাজারে মামাদের একটা লাইব্রেরি ছিল—শেখ লাইব্রেরি। আমার বড় মামা ছিলেন এলএমএফ ডাক্তার আর মেজ মামা স্কুলশিক্ষক। শিক্ষক মামার লাইব্রেরি আর ডাক্তার মামার চেম্বার দুটো একসঙ্গেই ছিল। আমরা যখন নানাবাড়ি বেড়াতে যেতাম, তখন আমি ওই লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম। মামাদের লাইব্রেরিতে অন্যান্য গল্প–উপন্যাসের বইয়ের পাশাপাশি বাবার বেশ কিছু বইও সুন্দর করে সাজানো থাকত। আমি বাবার একটা বই সামনে নিয়ে গম্ভীর হয়ে বসে থাকতাম। ভাবটা এমন, ‘এই যে আমার বাবার বই আপনারা কিনুন...’।

দীপ নেভা যার ঘরে নামে বাবার বইটা নিয়ে ছোটবেলায় আমাদের ভাইবোনদের অনেক গর্ব ছিল। আমাদের বাবা যে একজন লেখক, এটা নিয়ে বিশেষ ভাবও ছিল আমাদের। বাবা নতুন কোনো জায়গায় বদলি হয়ে গেলে, সেখানে নতুন বন্ধুদের প্রথমেই জানিয়ে দিতাম—আমার বাবা একজন লেখক। 

বাবার বইয়ের সার্বক্ষণিক পাঠক ছিলাম আমরা ভাইবোনেরাই। প্রায়ই বইটা পড়তাম। সব গল্প আমি বুঝতামও না। তবে এই বই পড়া যেন ছিল মেন্ডেটরি। এখন অনেক প্রকাশনী বাবার সেই বই নতুন করে প্রকাশ করতে চায়। আমরা ভাইবোনেরা রাজি হই না। থাক না একটা বই অপ্রকাশিত। নিউজপ্রিন্টে ছাপা ছোট্ট একটা বই, আমাদের বুকের অনেক কাছে অপ্রকাশিত ধূসর একটা বই।