১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি লেখায় ধরা থাকল বঙ্গবন্ধুর অনন্য আদল

১৯৭৩ সালে আলজিয়ার্সে জোটনিরপেক্ষ সম্মেলনে এসেছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। তাঁকে দেখে এগিয়ে আসেন ফিদেল কাস্ত্রো, কিউবার বিপ্লবী নেতা। হাত বাড়িয়ে দিলেন বঙ্গবন্ধু, সে হাত উপেক্ষা করে তাঁকে জড়িয়ে ধরলেন ফিদেল। পৃথিবীর দুই প্রান্তের দুই নেতা, সংগ্রাম ও ভাগ্য যাঁদের এক অভিন্ন সূত্রে আবদ্ধ করেছে। তাঁদের মুখচ্ছবিতে প্রস্ফুটিত যাঁর যাঁর জাতির স্বপ্ন। বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত হওয়ার পর ফিদেল বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। তাঁর ব্যক্তিত্ব ও সাহসের একমাত্র তুলনা চলে হিমালয়ের সঙ্গে। তাঁকে দেখেই আমি হিমালয়কে দেখার অভিজ্ঞতা পেয়েছি।’
নব্বইয়ের দশকের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে এই হিমালয়সদৃশ মানুষটির প্রতি বাঙালি জাতি নানাভাবে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে। গল্পে, কবিতায়, গানে, শিল্পীর তুলিতে, ঐতিহাসিকের বিশ্লেষণে নানাভাবে তাঁকে আমরা আবিষ্কার করেছি। এই তালিকায় সাম্প্রতিক কালে যে গ্রন্থটি যুক্ত হলো তার নাম বঙ্গবন্ধু: এপিটোম অব আ নেশন, লেখক এনায়েতুল্লাহ খান। ঢাকা থেকে এটি প্রকাশ করেছে কসমস বুকস।
মোট ১৬৮ পাতার বইটি নানা দিক দিয়ে ব্যতিক্রমী। এ বই ইংরেজিতে, ফলে অনুমান করি এর মূল লক্ষ্য বিদেশি পাঠক, যাঁরা বাংলাদেশের জাতির পিতার জীবন ও কর্মের সঙ্গে সম্যক পরিচিত নন। কফি টেবিল বই হিসেবে মুদ্রিত এই বই লেখকের ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি, কিন্তু শুধু কথা দিয়ে সেই শ্রদ্ধাঞ্জলি নির্মিত হয়নি। এনায়েতুল্লাহ খান বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ইতিহাসের আনুপুঙ্খিক বিবরণের বদলে সেই ইতিহাসকে লিপিবদ্ধ করেছেন ছোট ছোট ঘটনায় এবং তার অলংকরণ হিসেবে ব্যবহার করেছেন সুনির্বাচিত আলোকচিত্র। এর মুদ্রণ, বাঁধাই, ছবি নির্বাচন ও সীমিত কথার ব্যবহার এতটাই সুচিন্তিত ও সৌকর্যমণ্ডিত যে একদম অনাগ্রহী পাঠককেও তার প্রতি আকর্ষিত করবে।
মোট ২৭টি অধ্যায়ে বিভক্ত এ বইয়ে জাতির জনকের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য অধ্যায় কথায় ও ছবিতে আলোকিত হয়েছে। রয়েছে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, তাঁর বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, মার্চের ঘটনাক্রম, পাকিস্তানের কারাগারে তাঁর অভিজ্ঞতা এবং ১৫ আগস্টের সেই কালরাত্রির বিবরণ। আর বইটিকে আরও বিশিষ্টতা দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার এবং তাঁর একসময়ের সহকর্মী ড. কামাল হোসেনের স্মৃতিচারণা।
১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যা ঠেকাতে ঘাতকের বুলেট নিজ শরীরে গ্রহণ করেছিলেন কর্নেল জামিল উদ্দিন আহমেদ। এই বইয়ে অন্তর্ভুক্ত তাঁর আত্মাহুতির একটি মর্মস্পর্শী বিবরণ পাঠককে আবেগাক্রান্ত করে।
অধ্যায়গুলোর নির্বাচনের পেছনে সর্বদা কালানুক্রমিক অনুক্রম অথবা ঐতিহাসিক গুরুত্বের বদলে লেখকের ব্যক্তিগত আবেগ ও অগ্রাধিকার অনুসৃত হয়েছে। এর ফলে পুনরাবৃত্তির দুষ্টতা ছাড়াও দুর্বল সম্পাদনা গ্রন্থটিকে আহত করেছে বলেই মনে হয়।
এ বইয়ের আসল শক্তি গ্রন্থে অন্তর্ভুক্ত আলোকচিত্রগুলো। এখানে ব্যবহৃত ছবিগুলো অথবা তার অনুরূপ অনেক ছবিই আমাদের পরিচিত, কিন্তু কফি টেবিল সাইজের বইটিতে সেই ছবিই সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য নিয়ে প্রকাশিত হয়েছে। উদাহরণ হিসেবে বইয়ের শুরুতে দুই পাতাজুড়ে, ২১x৯৯ সাইজের ছবিতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের যে ছবিটি রয়েছে, তার কথাই ধরা যাক। সেদিন রেসকোর্সের মাঠে যারা সে ভাষণ শুনেছে, বুকের মধ্যে সেদিনের উত্তেজনা, তার প্রতিশ্রুতির প্রভায়, আশায় ও উদ্বেগে থরথর সেই কম্পন এখনো অমলিন। এই ছবি তার রাজসিক ব্যাপ্তিতে—পুনরায় সেই দিনকে ফিরিয়ে আনে। নতুন প্রজন্মের পাঠক অথবা যেকোনো বিদেশি অলক্ষ্যে বইটি ওলটাতে গিয়ে গিয়ে যে তা দেখে আবেগাক্রান্ত হবেন, এ কথায় কোনো ভুল নেই। ৭ মার্চের পুরো ভাষণটির ইংরেজি অনুবাদ অন্তর্ভুক্ত হওয়ায় সেই অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়েছে, এ কথাও অনায়াসে বলা যায়।
এ রকম ছোট-বড় প্রায় ২০০ ছবি বইটিকে একটি প্রামাণিক দলিলের মর্যাদা দিয়েছে। তবে প্রতিটি ছবির পাশে তাঁর চিত্রগ্রাহকদের নাম অন্তর্ভুক্ত থাকলে বইটির দালিলিক চরিত্র পরিপূর্ণতা পেত। পরবর্তী সংস্করণে লেখক এই ত্রুটি শুধরে নেবেন, এই আশা রইল।
প্রচ্ছদে রয়েছে শিল্পী শাহাবুদ্দিনের আঁকা একটি তেলরং, যা বইকে ভিন্ন মাত্রায় অভিষিক্ত করেছে। শিল্পীর তুলিতে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর সেই আত্মপ্রত্যয়ী মুখাবয়ব, তাঁর সাদা পাঞ্জাবি ও মুজিব কোট, উত্থিত তর্জনী—এসবই আমাদের মনে করিয়ে দেয় ফিদেলের বলা কথা। বাংলাদেশের সীমানায় হিমালয় পড়েনি, কিন্তু হিমালয়সদৃশ এক মহামানব তাঁর ইতিহাসকে আলোকিত করেছিলেন। এনায়েতুল্লাহ খানকে ধন্যবাদ, এই বইয়ের মাধ্যমে সেই মহামানবের জীবনকাব্যের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া গেল।
বঙ্গবন্ধু: এপিটোম অব আ নেশন
এনায়েতুল্লাহ খান
প্রকাশক: কসমস বুকস, ঢাকা, প্রকাশকাল: মে ২০১৮, প্রচ্ছদ: শাহাবুদ্দিনের ছবি অবলম্বনে, ১৬৮ পৃষ্ঠা, দাম: ২ হাজার ৫০০ টাকা।