যে উপন্যাস ক্ষমতা ও সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে

মাসরুর আরেফিনের আন্ডারগ্রাউন্ড চিন্তা ও মানবীয় অনুভূতির মিশেলে এমন এক উপন্যাস, যেখানে লেখক প্রতিমুহূর্তে প্রশ্নবিদ্ধ করেন ক্ষমতাকে। সিস্টেমের ভেতর আটকে পড়া মানুষের জীবন ও বাকস্বাধীনতার প্রশ্নই বড় হয়ে ওঠে এখানে।

মাসরুরের এটি তৃতীয় উপন্যাস। এখানে লেখক ক্ষমতা ও সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করলেও বিপ্লব করা তাঁর উদ্দশ্য নয়। কেননা, বিপ্লব-পরবর্তী সমাজের দুরবস্থা ও বাক্‌স্বাধীনতা হরণের বাস্তবতা তিনি দেখেছেন। তাই শুধু একলা একজনকে গোপন অন্তর্ঘাতক হয়ে ওঠার পথই নির্দেশ করেন গেরিলাযোদ্ধার মতো।

বিপ্লব-পরবর্তী রাশিয়ার রাষ্ট্রীয় একনায়কতন্ত্র আর সিস্টেমটাকেই বুঝে ফেলার জন্য আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়েন তিনি। ক্ষমতার পুনর্বিন্যাসটা সেখানে হরণ করছে ওভারগ্রাউন্ডের শিল্পীদের বাক্‌স্বাধীনতা।

বলা বাহুল্য, এই ন্যারেটিভের মূল পটভূমি রাশিয়া—এখানে স্তালিনের আমল আর বর্তমান পুতিনের রাশিয়া টাইমলাইন না মেনে এক সমান্তরালে অবস্থান করে। আন্ডারগ্রাউন্ড-এর বর্ণনায় তাই দান্তের নরকদর্শনের মতোই দৃশ্যমান হয় প্রযুক্তি, মারণাস্ত্র ও ক্ষমতাবানের জটিল সিস্টেম।

আন্ডারগ্রাউন্ড

মাসরুর আরেফিন

প্রকাশক: কথাপ্রকাশ, ঢাকা, প্রকাশকাল: এপ্রিল ২০২১, প্রচ্ছদ: আনিসুজ্জামান সোহেল, ২৪০ পৃষ্ঠা, দাম: ৪০০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।

উপন্যাসের গল্পাংশ দেশ ও আন্তর্জাতিক—পৃথিবীব্যাপী ছড়ানো, চরিত্ররা উপন্যাসের নিছক পাত্র–পাত্রী। অভিজ্ঞতার মধ্যে শৈশবের দুঃসহ যৌন নির্যাতনের স্মৃতি, সর্বহারাদের হত্যাকাণ্ড যেমন উন্মোচন করে স্বদেশের রাজনীতি, তেমনি পুতিনের শাসনক্ষমতার গোপন কেন্দ্রে প্রবেশ করে এক অ্যাবসার্ড পৃথিবীর যে দৃশ্যবর্ণনা, তা কোনো হরর গল্পের মতোই ভয়ানক।

গল্পের কথক ‘আমি’ অর্থাৎ উত্তম পুরুষ একই সঙ্গে কথক ও দ্রষ্টা নাটকের ‘বিবেক’ চরিত্রের মতো। ছাব্বিশ বছর পর কথক তার বড় ভাইকে খুঁজতে যায় রাশিয়ায়—এটি যেন প্রতীকী ঘটনা। ঔপন্যাসিক গল্পে অন্তর্বয়ন করেন বহুস্তরিক বাস্তবতা—প্রেম, যৌনতা, খুন, হত্যাকাণ্ড, সাম্প্রদায়িকতাসহ সিস্টেমের নেপথ্য রূপ। এর সঙ্গে যুক্ত হয়ে যায় বিশ শতকের রাশিয়ার শ্রেষ্ঠ কবি ওসিপ মান্দেলশ্তমের হত্যাকাণ্ড, যিনি সৌন্দর্য ও বাক্‌স্বাধীনতার জন্য কবিতা লিখতেন।

স্তালিন আমলের এই কবির হত্যাকাণ্ডের নথিপত্র খুঁজতেই গল্পের কথক-সাংবাদিক যায় রাশিয়ায়। বলা দরকার, চরিত্রটি নিজে বাক্‌স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়। এটাই মাসরুরের জীবনদর্শন। ওভারগ্রাউন্ডের নৃশংস খুনগুলো ঘটে চলেছে আন্ডারগ্রাউন্ডের সিস্টেম দ্বারাই। এ গল্প তাই অনিঃশেষ, চলতেই থাকে সভ্যতার শুরু থেকে ভবিষ্যৎ পর্যন্ত। কারণ, পৃথিবীতে শিল্পী হত্যার পাপ খুবই পুরোনো।

কিন্তু প্রশ্ন হলো, তা হলে কীভাবে আমরা মুক্ত হব! লেখকের মতে, আগের সমস্যাই পুনরাবর্তিত হয়। কিন্তু আমরা যদি দ্বান্দ্বিক যুক্তির পথে যাই, তাহলে বলতেই পারি যে থিসিস-অ্যান্টিথিসিসের পর যে সিনথেসিস দেখা দেয়, তাতে তো পুরোনো সমস্যা বা ভালোত্বের ধারণাটুকু আগের মতো আর থাকে না।

সংশ্লেষিত হয়ে তা নতুন গুণকে প্রকট করে তোলে। শুধু আন্ডারগ্রাউন্ড-সিস্টেমের বিরোধিতা করা বাক্‌স্বাধীনতার পক্ষভুক্ত বিপ্লবীরা থাকলে তো হবে না, সেখানে থাকতে হবে মানুষের সংঘবদ্ধ জমায়েত, আন্তর্জাতিক মৈত্রী ও মননশীলতার যুক্ততা। এই জমায়েত ও যুক্ততা—যা শেষ পর্যন্ত এক লড়াই হয়ে ওঠে, তা কীভাবে আন্ডারগ্রাউন্ড তার সিস্টেম ও পুলিশি তৎপরতা দিয়ে ভেঙে দেয়, নস্যাৎ করে দেয়—সে বাস্তবতাও লেখক এখানে বয়ান করেন।

চিত্রের পাশে উপচিত্র-পার্শ্বচিত্র, মূল ঘটনার পাশে অসংখ্য পার্শ্বঘটনা নিয়ে উপন্যাসটি বিনির্মিত। শুধু এই ইঙ্গিত থাকে—ভ্যালেন্তিনা নামক নারীটি নিজেকে পুরুষের লালসা থেকে রক্ষার জন্য একটি পিস্তল জোগাড় করে গোপনে। কথক-সাংবাদিকেরও উপলব্ধি ঘটে এই বয়ানে—‘সিস্টেমের সঙ্গে শক্তিতে পারা যাবে না ঠিকই, কিন্তু কৌশল ও সাহস দিয়ে পারা যেতে পারে; যেহেতু আমি ভ্যালেন্তিনাকে বলেছিলাম, “লেটস সেভ দ্য ওয়ার্ল্ড”, আর ওর ম্যাকারভ পিস্তল কেনার মধ্য দিয়ে কাজটা শুরু হয়ে গেছে, শেষের শুরুটা হয়ে গেছে...।’

সময় ও সভ্যতার সিস্টেমকে সাহিত্যজ্ঞান দিয়ে বুঝতে হলে এই বইয়ের পাঠ জরুরি। একই সঙ্গে মানব সম্পর্কের দ্বন্দ্ব-সমন্বয়কেও বোধে ধারণ করানোর ক্ষমতা রাখে আন্ডারগ্রাউন্ড।