স্যার ফজলে হাসান আবেদের জীবনীগ্রন্থ ‘আশায় জয়’

পাতায় পাতায় রয়েছে আবেদের স্পন্দন

২০ ডিসেম্বর ছিল ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুদিন। এদিনে প্রকাশিত হয়েছে তাঁর জীবনীগ্রন্থের অনুবাদ

হোপ ওভার ফেট: ফজলে হাসান আবেদ অ্যান্ড দ্য সায়েন্স অব এন্ডিং গ্লোবাল পোভার্টি জীবনীগ্রন্থের বাংলা সংস্করণ আশার জয়: ফজলে হাসান আবেদ ও বৈশ্বিক দারিদ্র্য নির্মূলের বিজ্ঞান প্রকাশিত হয়েছে। এ বইয়ে আছে স্যার আবেদের জীবনের সারবত্তা। যে দর্শন বা জীবনবোধ ফজলে হাসান আবেদকে পরিচালিত করেছে, তা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে বইটি থেকে। এ জীবনীগ্রন্থ আলোকবর্তিকাময়।

জীবনীগ্রন্থটির বাংলা অনুবাদের ফলে স্যার ফজলে হাসান আবেদের প্রবেশগম্যতা বেড়ে গেল। তিনি অবারিত হলেন। বাংলাভাষী পাঠক সহজে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে জানতে পারবেন। এ বইয়ের বিশেষ দিক হলো লেখায় দৃশ্যকল্পের মাদকতা। বইটি পড়তে পড়তে পাঠক সহজেই ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। পড়তে পড়তে মনে হবে, যেনবা দোর্দণ্ড গতিতে হেঁটে চলেছেন স্যার আবেদ।

এটি সংযোগপ্রবণ গ্রন্থ। গ্রন্থ পাঠে অনুমিতি জাগে, মুদ্রিত আবেদ অমুদ্রিত আবেদের চেয়ে অনেক বেশি বাঙ্ময় ও আলাপী। এ গ্রন্থের লিপিকার স্কট ম্যাকমিলান উল্লেখ করেছেন, স্যার আবেদ প্রকাশোন্মুখ ছিলেন না। তাঁর বাক্‌স্ফূর্তি ছিল না। তিনি প্রচার এড়িয়ে চলতেন। স্যার আবেদ বলতেন, তাঁর গল্পের চেয়ে দারিদ্র্যক্লিষ্টদের শিকল ভাঙার গল্প অনেক গুরুত্বপূর্ণ। তিনি পরিশীলিত ও রুচিশীল। পরিমিতিবোধের এক অনন্য স্মারক। তাঁর জীবনের আধেয়।

বইটিতে স্যার আবেদের ব্যক্তিত্বের বিশেষ কিছু দিক ধরা পড়েছে, তা হলো—পরার্থবোধ, সহমর্মিতা, নিবিষ্টতা, উদ্যোগ ও প্রতিষ্ঠান নির্মাণ। তাঁর নিশানা লক্ষ্যভেদী। মানুষের প্রতি মমত্ববোধ তাঁর নৈতিকতার মূল ভিত্তি। তিনি দেশ ও মানুষের প্রয়োজনে স্বদেশে ফিরেছেন। স্যার ফজলে হাসান আবেদ দেশমুখী ব্যক্তিত্ব। তিনি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত মানবিক মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মাণে আমৃত্যু সচেষ্ট ছিলেন। বইটির আশ্রিত বর্ণের ভাঁজে সেসব সুগন্ধি ধরা রয়েছে।

স্যার আবেদের রয়েছে গভীর দার্শনিকতা। তিনি হতদরিদ্র ভুখানাঙ্গা মানুষের মধ্যে সম্ভাবনা দেখতেন। হতদরিদ্র মানুষকে অসাড় ও মূল্যহীন হিসেবে না দেখে অমিত সম্ভাবনার আধার হিসেবে দেখা তাঁর ব্যক্তিত্বের এক অনন্য দিক।

স্যার ফজলে হাসান আবেদের জীবনের গল্প সমৃদ্ধ ও বহুমাত্রিক। তিনি ক্ষুদ্রে নিবিষ্ট ছিলেন এবং বৃহতের সাধনা করতেন। জীবনীগ্রন্থ শুরু হয়েছে শিয়ালের ছাগল মেরে ফেলার গল্প দিয়ে আর শেষ হয়েছে ‘যদি আরেকটু সময় পেতাম’ অধ্যায়ের মাধ্যমে। স্যার ফজলে হাসান আবেদ আশাবাদী মানুষ। তাই তাঁর জীবনীগ্রন্থের শেষে রয়েছে আশার কথা। অবশেষে হতাশাকে পরাস্ত করবে আশা।

স্কট ম্যাকমিলানের লেখা বইটি বাংলায় অনুবাদ করেছেন আলভী আহমেদ। স্যার ফজলে হাসান আবেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ২০ ডিসেম্বর তাঁর জীবনীগ্রন্থের বাংলা সংস্করণ আশার জয় পাঠকের হাতে এসেছে। বইটি প্রকাশ করেছে বাতিঘর। দাম: ১২০০ টাকা।