চোখ থাকবে যেসব বইয়ে

বাংলাদেশের বই

২০২৩ সালে ফিকশন ও নন–ফিকশন—দুটি শাখায় উল্লেখযোগ্য যেসব বই প্রকাশিত হবে, তা–ই নিয়ে এই তালিকা। বাংলাদেশের বইয়ের তালিকাটি তৈরি করা হয়েছে প্রকাশকদের সঙ্গে কথা বলে। বিদেশি বইয়ের তালিকা তৈরিতে আমরা সাহায্য নিয়েছি নিউইয়র্ক টাইমস, অ্যামাজন, বার্নস অ্যান্ড নোবেলটুডের। তালিকাটি তৈরি করেছেন মোশারফ ইকরাম মারুফ ইসলাম

মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার

নির্বাচননামা

মাহবুব তালুকদার

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল:
বইমেলা ২০২৩।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কার্যকালের বহুবিধ অভিজ্ঞতার প্রামাণ্য দলিল এই বই। স্বভাবতই এতে সন্নিবেশিত হয়েছে নির্বাচনপ্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থাপনা ও নির্বাচন-সম্পর্কিত তথ্য-উপাত্ত ও জানা-অজানা নানা ঘটনাপ্রবাহের বর্ণনা। লেখকের বর্ণনায় ব্যক্তিগত উপলব্ধি বা অভিব্যক্তি মূল বিষয় নয়, ঘটনার তথ্যবহুল বিশ্লেষণই এর মুখ্য উপকরণ। এ বইয়ের পরিসর কেবল নির্বাচনের মধ্যে সীমিত থাকেনি, নির্বাচনের পরোক্ষ প্রতিক্রিয়ায় সমগ্র দেশ, জাতি ও মানুষের সার্বিক প্রতিকৃতি এতে প্রতিফলিত হয়েছে।

সৈয়দ শামসুল হক

পিলগ্রিমস প্রোগ্রেস

মূল: জন বানিয়ান

অনুবাদ : সৈয়দ শামসুল হক

প্রকাশক: ঐতিহ্য, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল:
বইমেলা ২০২৩।

অনুবাদে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক অতুল্য। বিশ্বের বিভিন্ন ভাষার নানা সাহিত্যকর্ম তিনি বাংলায় অনুবাদ করেছেন। অনুবাদের ক্ষেত্রে তিনি আক্ষরিক নন, বরং ছিলেন মর্মানুগামী। ব্রিটিশ লেখক জন বানিয়ানের (১৬২৮-১৬৮৮) বিশ্বখ্যাত রচনা পিলগ্রিমস প্রোগ্রেস-এর (১৬৭৮) সৈয়দ শামসুল হক-কৃত বিবিসি বাংলা বেতার রূপ এটি। এই বই ইংরেজি সাহিত্যের একটি উল্লেখযোগ্য রচনা। বিবিসি বাংলার জন্য সৈয়দ হক এটি অনুবাদ করেছিলেন।

হাসনাত আবদুল হাই

নদীপথে, সঙ্গে ইউলিসিস

হাসনাত আবদুল হাই

প্রকাশক: অন্যপ্রকাশ, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল:

বইমেলা ২০২৩।

নদীপথে লেখকের ঢাকা থেকে খুলনা যাত্রা দিয়ে এ বই শুরু ও শেষ, মাঝখানে রয়েছে জয়েসের কালজয়ী উপন্যাস ইউলিসিস পাঠের মাধ্যমে লিওপোল্ড ব্লুম এবং অন্যান্য চরিত্রের ডাবলিন শহরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিভ্রমণের বর্ণনা। বর্তমানকালের এসব ভ্রমণকে ধারণ করে আছে হোমারের এপিক, ওডিসির নায়ক ওডিসিউসের (ইউলিসিস) ঘরে ফেরার রোমাঞ্চকর ১০ বছরের কাহিনি আকারে–ইঙ্গিতে।

পঙ্কজ ভট্টাচার্য

আমার সেই সব দিন

পঙ্কজ ভট্টাচার্য

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল:
বইমেলা ২০২৩।

পঙ্কজ ভট্টাচার্য নিজেকে রাজনীতির এক মাঠকর্মী দাবি করেন। ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলন থেকে তাঁর স্বদেশ সাধনার হাতেখড়ি। এরপর ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। আজ আশি–ঊর্ধ্ব বয়সেও শোষিত-বঞ্চিত সংখ্যালঘু, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠী ও অধিকারহীনদের পাশে দাঁড়াতে, তাঁদের মানবাধিকার রক্ষায় সোচ্চার হতে বিন্দুমাত্র দ্বিধাবোধ তিনি করেন না। নিজের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনযাপনের কালপর্ব নিয়ে তিনি লিখেছেন আত্মজীবনী।

সাজ্জাদ শরিফ

একাত্তরের দিনপঞ্জি

সম্পাদক: সাজ্জাদ শরিফ

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা ।

সম্ভাব্য প্রকাশকাল:
বইমেলা ২০২৩।

ব্যাপকতায় ও তাত্পর্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি বিরাট ঘটনা। সে তাগিদ থেকে মুক্তিযুদ্ধের পরে, এর আগের ৫০ বছরের নানা স্মৃতিকথা ও গবেষণাকাজ মন্থন করে এবং সে সময়ের পত্রপত্রিকা ঘেঁটে তারিখ ধরে ধরে তথ্য ও মুক্তিযুদ্ধের প্রতিদিনের ঘটনাপঞ্জির সারসংক্ষেপ সংগ্রহ করা হয়েছে। এরই সংকলন এ বই। এটি গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ।

আনিসুল হক

পারিজাতের জন্য
ভালোবাসা

আনিসুল হক

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা। প্রকাশকাল: জানুয়ারি ২০২৩।

ট্রেনের জানালায় দেখা এক তরুণীর প্রেমে পড়ে যায় আইনের ছাত্র শহীদুল। মেয়েটিকে সে অনুসরণ করে এবং একসময় আবিষ্কার করে, মেয়েটি মূক ও বধির। কী করবে এখন শহীদুল? মেয়েটিই-বা কী ভাবছে তার সম্পর্কে? আর তারা যদি বিয়েও
করে, তাদের সন্তান কি সুস্থ-স্বাভাবিক
হবে? সত্য ঘটনা অবলম্বনে রচিত মিষ্টি এ প্রেমের উপন্যাস পড়তে আরম্ভ করলে শেষ না করে পারা যাবে না।

আনু মুহাম্মদ

পারমাণবিক বিদ্যুৎ: বাংলাদেশের রূপপুর প্রকল্প ও বিশ্ব অভিজ্ঞতা

সম্পাদক: আনু মুহাম্মদ, কল্লোল মোস্তফা মোশাহিদা সুলতানা

প্রকাশক: ইউপিএল, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল: বইমেলা ২০২৩। 

মোশাহিদা সুলতানা

অতিব্যয় ও বহুমাত্রিক বিপদের ঝুঁকির কারণে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরোধী জনমত প্রবল। এ বিষয়ে গুরুত্ব অনুভব করে এই সংকলন গ্রন্থের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করা

কল্লোল মোস্তফা

হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ঋণনির্ভর-পরনির্ভর প্রকল্পের প্রাসঙ্গিকতা, আর্থিক ও পরিবেশগত দিক ইত্যাদি পরীক্ষা করা হয়েছে। লিখেছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক ও গবেষকেরা।

তানজিনা হোসেন

ফুসিয়া হাউস

তানজিনা হোসেন

প্রকাশক: বাতিঘর, ঢাকা।

সম্ভাব্য প্রকাশকাল:
বইমেলা ২০২৩।

গুলশান ৯ নম্বর সড়কে অবস্থিত ফুসিয়া হাউসের ধনাঢ্য শিল্পসংগ্রাহক শিল্পপতির বাড়িতে নেপালি স্পিরিচুয়াল নিওয়ার আর্টিস্টের আঁকা এক রহস্যময় চিত্রকর্মকে ঘিরে রহস্য দানা বেঁধে ওঠে। ল্যাপিস লাজুলি রঙের গাঢ় নীল বুদ্ধের এই ছবির রহস্যভেদ করতে এক অদ্ভুত যাত্রার সঙ্গী হবেন পাঠক। জানবেন স্টেনডালস সিনড্রোম নামের জটিল মানসিক ব্যাধি সম্পর্কে এবং বুঝবেন অসহ্য সুন্দরও কখনো কখনো অস্থির আর বিপজ্জনক হয়ে উঠতে পারে।