
শফিকুন্নূর ছিলেন সিলেট অঞ্চলের বিশিষ্ট বাউল; যিনি সৈয়দ শাহনূর, হাসন রাজা, রাধারমণ, আরকুম শাহ কিংবা ফকির ইয়াছিন শাহের গান গেয়েছেন এবং নিজেও বহু গান রচনা করেছেন। তাঁর গানে দেহতত্ত্ব, আধ্যাত্মিকতা, সমাজচেতনা ও লোকদর্শনের অপূর্ব মেলবন্ধন ঘটেছে। প্রখ্যাত এই সাধকের রচনাকর্ম নিয়ে সম্প্রতি লোকগবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশের সম্পাদনায় প্রকাশিত হয়েছে শফিকুন্নূর সমগ্র। আগে বিচ্ছিন্নভাবে যেসব গান শোনা বা পড়া হয়েছে, সেগুলো একত্রে বইটিতে পাওয়া এক পরম সৌভাগ্যের বিষয়।
এ গ্রন্থ শফিকুন্নূরের সম্পূর্ণ গানের ভান্ডারকে সংকলিত করার প্রথম সুসংহত প্রয়াস। এতে মোট ২৩৭টি গান রয়েছে যার মধ্যে ১৪৮টি সংগৃহীত তাঁর পূর্বপ্রকাশিত গীতিসংকলন সুজন বন্ধু থেকে, বাকি ৮৯টি সংগৃহীত হয়েছে তাঁর পরিবারের কাছ থেকে। পরিশিষ্টে সংযোজিত হয়েছে ১৪টি কেচ্ছা ও ২টি জারিগানও; যদিও এর কিছুর রচয়িতা–পরিচয় অনির্ধারিত। শফিকুন্নূর জীবদ্দশায় গান সংকলন ও প্রচারে মনোযোগ দেননি, ফলে বহু মূল্যবান গানের হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, যা এ গ্রন্থের মাধ্যমে আংশিকভাবে পুনরুদ্ধার হয়েছে।
শফিকুন্নূরের গায়কি ছিল স্বতন্ত্র; যেমন, ‘সুজন বন্ধু রে’, ‘বাগডুল পাতাইয়া থইলাম’, কিংবা ‘বলদে লাঙল টানে না’ গানগুলো তাঁর কণ্ঠে হয়ে উঠেছে বোধ ও দর্শনের প্রতিধ্বনি। তাঁর ভাষা সংযত, অথচ গভীর। একটি চরণেই দেখা যায় তাঁর নিখুঁত ভাবপ্রকাশ:
‘মাটির ঘরে থাকে পাখি,
অতিশয় যতনে
কেমনে আসে কেমনে যায়,
তারে নি কেউ চিনো রে মন।’
এই রচনায় আত্মজিজ্ঞাসা ও আধ্যাত্মিকতার যে ছাপ দেখা যায়, তা তাঁকে লালন বা হাসন রাজার ধারার পাশাপাশি একটি স্বাতন্ত্র্য দেয়।
গ্রন্থটির বিন্যাসে সুমনকুমার দাশ গবেষকসুলভ সংবেদনশীলতা ও তথ্যনিষ্ঠতার পরিচয় দিয়েছেন। আদি উৎস, মৌলিকতা ও ভাষার শুদ্ধতা নিয়ে তাঁর সতর্কতা প্রশংসনীয়। শুধু সংকলন নয়, গানগুলোর ধারাবাহিক বিশ্লেষণ ও জীবনপটভূমি বিবেচনায় তিনি একটি প্রামাণ্য গ্রন্থ উপহার দিয়েছেন।
লোকগবেষণায় সুমনকুমার দাশের অবদান অনন্য। তাঁর সংগ্রহে আছে প্রায় ৭০ হাজার গান, নাট্যপাঠ ও পাঁচালি। রচিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা ৭২টি। তাঁর গবেষণা ক্ষেত্রসমীক্ষাভিত্তিক এবং জ্ঞান ও অভিজ্ঞতার সংমিশ্রণে পরিপুষ্ট, যা তরুণ গবেষকদের জন্য এক দিশাবিশেষ।
শফিকুন্নূর সমগ্র শুধু একটি গীতিসংকলন নয়, এটি একটি সাংস্কৃতিক উদ্যোগ; যা লোকজ সুরের জগৎকে সংহত করেছে গবেষণার আলোয়। এ গ্রন্থে একদিকে যেমন শফিকুন্নূরের আত্মবীক্ষণ ও আধ্যাত্মিক উপলব্ধি, দেহতত্ত্ব ও লোকজ চেতনার স্বর ধরা পড়ে, অন্যদিকে তেমনি ধরা পড়ে এক গবেষকের মেধা, নিষ্ঠা ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। গায়ক ও গীতিকার শফিকুন্নূরের কণ্ঠের জাদু আমাদের মোহিত করে, তাঁর গানের শব্দচয়নে যে নীরব দর্শন ও মানবতাবোধ জড়িয়ে আছে, তা ভাবিত করে। আর এই মরমি অনুভবকে ধরে রাখতে যিনি নিঃস্বার্থ ও নিবেদিত প্রচেষ্টায় গীতিসংগ্রহ ও বিশ্লেষণে যুক্ত থেকেছেন তাঁর নাম সুমনকুমার দাশ। তিনি শুধু একজন সম্পাদক নন, বরং এই গ্রন্থের মাধ্যমে নিজেকে একজন দার্শনিক, ইতিহাসবোদ্ধা এবং সংস্কৃতির সংরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
বাংলাদেশের যেসব গ্রামীণ সাংস্কৃতিক সম্পদ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে, শফিকুন্নূর সমগ্র তার বিপরীত স্রোতে এক শক্তিশালী উদ্যোগ। একে ঘিরে যেমন লোকগান ও মরমি সাহিত্য নিয়ে নতুন করে আগ্রহ জন্মাবে, তেমনি নতুন গবেষক ও তরুণ প্রজন্মের জন্য এটি একটি বোধনগ্রন্থ হিসেবেও কাজ করবে। লোকগানের ঐশ্বর্য, শিকড়, সাধনা ও সম্ভাবনার যে গভীরতা রয়েছে, তা বুঝতে হলে শফিকুন্নূর সমগ্র পাঠ অনিবার্য। আর যিনি এই অনিবার্য পাঠ্য গড়ে তুলেছেন, সুমনকুমার দাশ, তিনি এই দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের এক মনস্বী গবেষক। তাঁকে অভিনন্দন জানাই।
শফিকুন্নূর সমগ্র
সুমনকুমার দাশ
প্রকাশক: উৎস প্রকাশন
প্রচ্ছদ: অরূপ বাউল
প্রকাশ: সেপ্টেম্বর ২০২৪
পৃষ্ঠা: ৪৮০
মূল্য: ৮০০ টাকা