
মুক্তিযুদ্ধের সময় কলম আর কালির মাধ্যমে যুদ্ধ করেছেন বাংলাদেশের কবি–লেখকেরা। একাত্তরের সেই উত্তাল সময়ে আমাদের পাশে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জনগণও। তাঁরা যেমন আমাদের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন, তেমনি কলকাতার কবি, লেখক, বুদ্ধিজীবীরা সক্রিয় ভূমিকা রেখেছেন মুক্তির সংগ্রামে। মুক্তিযুদ্ধের সমর্থনে এ সময় ওপার বাংলা থেকে প্রকাশিত হয় বেশ কয়েকটি সাহিত্যপত্র।
তবে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ১৯৭১ সালে বাঙলাদেশকে রক্ততিলক নামে একটি কাব্যসংকলন প্রকাশিত হয়েছিল—এ তথ্য একেবারেই নতুন। মৃণাল চট্টোপাধ্যায় ও অমিয়ধন মুখোপাধ্যায় সম্পাদিত এ সংকলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয় যুদ্ধের মাঝামাঝি সময়ে (১৩৭৮ বঙ্গাব্দ) মণি প্রকাশনী থেকে। বাংলাদেশকে সাহায্য করার জন্যই যে সংকলনটি প্রকাশিত হয়েছিল, তা এর প্রথম পৃষ্ঠায়ই লেখা আছে। আর ‘সবিনয় নিবেদন’ শিরোনামে ভূমিকায় বলা হয়েছে, সংকলনটির লভ্যাংশ বাংলাদেশের সাহায্যভান্ডারে দেওয়া হবে। বাংলাদেশের সাহায্যার্থে আরেকটি সংকলন প্রকাশের কথাও এখানে উল্লেখ করা হয়।
রক্ততিলক–এর এই সংকলনে লিখেছিলেন সে সময়ের কলকাতার বিখ্যাত সব কবি-সাহিত্যিক। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও কবি তারিক সুজাতের সৌজন্যে দুর্লভ এই সংকলনের একটি কপি সম্প্রতি পাওয়া গেছে। এখানে পত্রস্থ হলো প্রকাশিত সেই সংকলনের তিনটি লেখা—কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবং পূর্ণেন্দু পত্রীর গদ্য। লেখাগুলো মোটেই সুলভ নয়, এমনকি এসব লেখার কোনো কোনোটি পরে আর লেখকদের বইয়েও অন্তর্ভুক্ত হয়নি। যুদ্ধদিনে রচিত এসব লেখার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি পশ্চিম বাংলার লেখক–কবিদের আবেগ ও ভালোবাসা টের পাওয়া যায়।
কবিতা
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
জন্মভূমির দিকে
সীমান্তের ওই দিকে আমার জন্মভূমি,
এই দিকে আমার স্বদেশ।
আমি এই দিকে দাঁড়িয়ে
ওই দিকে তাকিয়ে আছি।
আমি দেখছি,
আমার জন্মভূমির আকাশ রক্তে লাল হয়ে গেল।
আমি ভাবছি,
আমার বন্ধু আর সতীর্থেরা আজ কীভাবে কোথায়
দিন কাটাচ্ছে।
কী করছে খালেক আর রহিম আর আনোয়ার?
তারা কি জেলখানায় বন্দী হয়ে আছে
নাকি রাস্তায় নেমে
বুকের রক্ত ঢেলে গড়ে তুলছে প্রতিরোধ?
আমি আমার অস্তিত্বকে দুই খণ্ড করে
নিজেকে বারবার শোনাচ্ছি:
সীমান্তের ওই দিকে আমার জন্মভূমি,
এই দিকে আমার স্বদেশ।
শক্তি চট্টোপাধ্যায়
স্মৃতিচিত্রশালা
তোমার পূর্বের দেশ বলতে মনে পড়ত
নদীনালা—
এই জল, গেরস্থালি; অন্য পারে
সুপারিসংকুল
নীলাঞ্জন ছায়া আর মেন-পড়া শান্ত
বনফুল
এই সব নিয়ে ঘর ভরে থাকত
স্মৃতিচিত্রশালা।
আর আজ? মনে পড়ে, কিংবা মনে
প্রকৃত পড়ে না
কার রক্তে নদীজল বহে আনে
তিক্ত বনফুল!
স্বাধীনতা হীনতায় বাঁচা নয়,
আগুন খড়ে না
হৃদয়ে হৃদয়ে জ্বালো, দারুণ সন্ত্রাসে
করো ভুল—
মরো—কিন্তু—মেরে মরো এবং উদ্ধার
করো ঘর
নিশ্চিত রয়েছি পাশে, আমি তোর
জন্ম-সহোদর।
গদ্য
ওদের সংগ্রামের দিকে তাকিয়ে
পূর্ণেন্দু পত্রী
আমাদের জন্মের আগে পরে পৃথিবীতে কম বিদ্রোহ-বিপ্লব জন্মায়নি। আমাদের মরা হাড় হলুদ রক্তের অবয়বগুলো আচমকা চাঙা হয়ে উঠেছে সেই সব বিদ্রোহ-বিপ্লবের সংবাদে। আমরা আকাশে তুলেছি সমর্থনের হাত অথবা প্রতিবাদের মুঠি।
কিন্তু আমাদের জন্মের পরে পৃথিবীতে এই প্রথম এক প্রবল বিপ্লব, যার গৌরবে আমাদের গর্ব ও উল্লাসকে মাপবার কোনো দাঁড়িপাল্লা নেই। যেহেতু এই মুক্তিযুদ্ধে যাঁরা সৈনিক, তাঁদের ভাষা আর আমাদের ভাষা এক, একাকার। এই প্রথম আমরা শুনলাম, মৃত্যু-পণ-করা একটা দেশের মুক্তি ঘোষণা, যার বর্ণমালা আমাদেরও বর্ণমালা। এই প্রথম মৃত্যু পেরিয়ে, রক্তধারা ডিঙিয়ে, মেশিনগান মাড়িয়ে গোলাবারুদের গর্জন ছাপিয়ে এক বিপ্লবী দেশের প্রিয়তম কবিতা যখন ছুটে এসে আমাদের চেতনাকে আলিঙ্গন করে বলে, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’, তখন তাকিয়ে দেখি সেই একই কবিতা একই ভাষায় একই অক্ষরে টাঙানো রয়েছে আমাদেরও মর্মতলে।
আপনারা কবে আসছেন? আমরা স্বাধীন হতে চলেছি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কুড়ি কি বাইশ দিন আগে কলকাতায় এসে নিমন্ত্রণ জানিয়ে গেল বাংলাদেশের কবি আমিনুল ইসলাম। যাবার সময় সঙ্গে নিয়ে গেল এপারের সহোদরের প্রীতির প্রতীক তিন পাপড়ির ফুল-এর মলাট। যুদ্ধের খবর আসে রোজ। জয়ের সংবাদ। আনন্দে গাজনের বাজনা বাজে বুকের মধ্যে। কিন্তু তারই ফাঁকে মনের আনাচে–কানাচে ক্রমাগত কিছু বিষণ্ন জিজ্ঞাসা। আমিনুল এখন কোথায়? ছাপাখানায়, না রণক্ষেত্রে? তার কবিতার বই কি বেরিয়েছে? নাকি জল্লাদের হাতে জ্বালানো আগুনের নিচে জ্বলে জ্বলে ক্রমাগত রাঙা হয়ে উঠছে তার কবিতার কালো অক্ষরগুলো?
তাহলে জ্বলুক। কদিন বাদেই সকাল। রোদ উঠলে আবার তো ফুটতে হবে ‘তিন পাপড়ির ফুল’কে—স্বাধীনতা, সাম্য, মৈত্রী।